এইমাত্র পাওয়া

শরীয়তপুরে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃ-ত্যু

শরীয়তপুরঃ জেলার সদর হাসপাতালে ডা. শরীফ উর রহমান নামে এক মেডিকেল অফিসারের অবহেলায় মুসাফির নামে এক তিন মাস বয়সী এক শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাত পৌনে ৮টায় শরীয়তপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। নিহত মুসাফির শরীয়তপুর পৌরসভার চরপালং গ্রামের রাজিব শেখ ও রুবিনা বেগম দম্পত্তির ছোট ছেলে।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে গাইনি বিশেষজ্ঞ হোসনে আরাকে প্রধান করে সিনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) আতিকুর রহমান ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তারকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি চিকিৎসক শরীফ-উর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শিশুটির স্বজন ও হাসপাতালের নার্সদের সূত্রে জানা যায়, মুসাফিরকে ঠান্ডা ও পেটে জনিত সমস্যা নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সন্ধ্যার দিকে হটাৎ করেই মুসাফির অসুস্থ্ হয়ে পড়লে প্রথমে তার স্বজনরা নার্স ডাকতে গেলে নার্সের রুম থেকে আয়া পাঠানো হয়। আয়া এসে মুসাফিরকে অক্সিজেন লাগিয়ে দিয়ে যায়। আয়া কেন অক্সিজেন লাগাবে বিষয়টি শিশুটির মা জানতে চাইলে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন আয়া। এরপর নার্স এসে শিশুটিকে দেখলে নার্স রোগীর স্বজনদের ডাক্তার ডাকার পরামর্শ দেন। তার পরামর্শ অনুযায়ী রোগীর স্বজনরা দায়িত্বরত চিকিৎসক শরীফ উর রহমানকে একাধিকবার ডাকলেও তিনি আসেননি। এদিকে রোগীর অবস্থা গুরুতর হয়ে গেলে নার্স প্রথমে ওয়ার্ডবয় ও আয়াকে পাঠান ডাক্তার ডাকতে। এরপরেও ডাক্তার না আসলে নার্স নিজেই যান ডাক্তারকে ডেকে আনতে। কিন্তু ডাক্তার নার্সকে পরামর্শ দেন অক্সিজেন খুলে তার কাছে নিয়ে আসতে। রোগীর অবস্থা গুরুতর হয়ে গেছে বলে নার্স অক্সিজেন খুলতে অপারগতা প্রকাশ করলেও চিকিৎসক শরীফ উর রহমান শিশু মুসাফিরকে শেষ পর্যন্ত দেখতে যাননি। এরপর শিশু মুসাফির হাসপাতালেই মারা যায়।

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান বলেন, শিশু মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি চিকিৎসক শরীফ-উর রহমানকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে শরীয়তপুর সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরা বলেন, শিশু মৃত্যুর বিষয়টি শুনে আমি হাসপাতালে গিয়েছি। যদি চিকিৎসকের অবহেলায় শিশুটির মৃত্যু হয়, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.