এইমাত্র পাওয়া

২০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্র জানিয়েছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল আগামী ২০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হতে পারে ।

 

এ বিষয়ে ডিপিই’র মহাপরিচালক এ এফ এম মনজুর কাদির বলেন, শিক্ষক নিয়োগের জন্য মৌখিক পরীক্ষার ফল আসতে কিছুটা দেরি হয়েছে। চূড়ান্ত ফল তৈরির কাজ চলছে। সারাদেশ থেকে আসা মৌখিক পরীক্ষার ফল বুয়েটে পাঠানো হয়েছে। আগামী ১৬ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে তা প্রকাশ করা হতে পারে। এ নিয়োগ পরীক্ষার মাধ্যমে সারা দেশ থেকে সাড়ে ১৮ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।

মহাপরিচালক আরও বলেন, চলমান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের পর সারা দেশে প্রাক-প্রাথমিক পর্যায়ে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। আগামী সপ্তাহে এ প্রস্তাব সচিব কমিটিতে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন পেলে প্রজ্ঞাপন জারি করে নিয়োগ কার্যক্রম শুরু হবে। নিয়োগ কার্যক্রম শুরু করতে ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে প্রস্তুতি শুরুর নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

গত বছরের ৩০ জুলাই সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ওই বছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারা দেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। প্রথম ধাপে ২৪ মে, দ্বিতীয় ধাপে ৩১ মে, তৃতীয় ধাপে ২১ জুন এবং চতুর্থ ধাপে ২৮ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত সেপ্টেম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষায় ৫৫ হাজার ২৯৫ জন পাস করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.