ঢাকাঃ ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ডক্টরেট অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন একই বিভাগের সাবেক মেধাবী শিক্ষার্থী ও নীলফামারী সরকারি কলেজের আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ ফরহাদ-উল-ইসলাম।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির ১২৬তম একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে ও ২৫৯তম সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে তাঁকে এই ডিগ্রি প্রদান করা হয়। তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম শামছুল হক ছিদ্দিকী।
মোঃ ফরহাদ-উল-ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাধীন বুড়াবুড়ি ইউনিয়নের দলন গ্রামে। তিনি সাবেক ব্যাংক কর্মকর্তা মরহুম বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম এবং মোছাঃ ফাতেমা বেগম এর তৃতীয় সন্তান। তিনি ১৯৯৯ সালে এলাকার স্বনামধন্য প্রতিষ্ঠান ধরনি বাড়ি লতিফ রাজিয়া ফাযিল মাদ্রাসা হতে দাখিল এবং ২০০১ সালে রংপুর ধাপ সাতগাড়া বাইতুল মুকাররম কামিল মাদ্রাসা হতে স্টার মার্কসহ আলিম পাশ করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আরবী ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তি হন এবং বিএ (অনার্স) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত হন । পরে এম.এ (থিসিস গ্রুপ) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান ও ফেকাল্টি ফাষ্ট হওয়ায় ২০১৮ সালে রাষ্ট্রপতি স্বর্ণপদক অর্জন করেন। তিনি উক্ত বিভাগ থেকে ২০১৩ সালে এম.ফিল ডিগ্রি অর্জনসহ, ইউজিসি স্কলারশিপ এবং সোনালী ব্যাংক এমপ্লয়ীজ বিনেভলেন্ট ফান্ড ব্যবস্থাপনা পরিচালক স্বর্ণপদক লাভ করেন।
কর্মজীবনে ফরহাদ ২০১২ সালে প্রথমে নিজ জেলার কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে ২০১৩ সালে ৩২তম বিসিএসের (শিক্ষা ক্যাডার) মাধ্যমে নীলফামারী সরকারি কলেজে যোগদান করেন। বর্তমানে তিনি কলেজে অধ্যাপনার পাশাপাশি একাডেমিক বইপত্র রচনা ও দেশি বিদেশী জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের জন্য কাজ করছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
