নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ
রোজার বাজারে ইফতারে প্রয়োজনীয় পণ্যের দাম বেশি থাকায় স্বস্তি মিলছে না নিম্ন ও মধ্যম আয়ের মানুষের। রমজানের প্রথম দিনে বেশিরভাগ পণ্যের দামই কিছুটা বেড়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি বাজার কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্যই জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, আজ সকাল ১১টার পর খুচরা পর্যায়ে দেশি শসা ১০০ টাকা কেজি দরে, হাইব্রিড শসা ৮০ টাকা, গোল বেগুন (সবুজ) ৪০-৫০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, টমেটো ৬০ টাকা ও কাঁচা টমেটো ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দুই দিন আগেও একই বাজারে দেশি শসার কেজি ৭০-৮০ টাকা, হাইব্রিডের শসা ৭০ টাকা, গোল বেগুন (সবুজ) ৩০-৩৫ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা ও কাঁচা টমেটো ৩০ টাকা।
বড় আকারের এলাচ লেবুর দাম প্রতি পিস ২৫ টাকা, যা দুই দিন আগে ছিল ২০ টাকা। আর মাঝারি আকার ও গোল লেবুর পিস ১৫ টাকা। কাঁচামরিচের কেজি ৮০-৯০ টাকা। আর ধনিয়া পাতার ৮০ টাকা কেজি।
সবজির খুচরা বিক্রেতা মো. আশরাফুল ইসলাম বলেন, ‘সরবরাহ কম থাকায় পাইকারি পর্যায়ের দাম বেশি থাকলেও খুচরা পর্যায়ে দাম খুব বেশি বাড়েনি। কারণ আজ দুপুর ১২টা পর্যন্ত আশানুরূপ বিক্রি নেই।’
নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিম রাজাবাজারের বাসিন্দা এক নারী বলছিলেন, বাজারে যাই ধরি, সেটারই দাম বেশি। সবকিছুর দাম বেশি। দুই দিন আগেও এক আঁটি ধনিয়া পাতা কিনেছি ১০ টাকায়। এখন সেটা ২০ টাকা দিয়ে কিনলাম।
‘লিখে কী হবে? দাম তো আর কমবে না,’ বলে মন্তব্য করেন তিনি।
খেজুরের সর্বনিম্ন দাম কেজিপ্রতি ২০০ টাকা থেকে শুরু করে জাতভেদে প্রায় দুই হাজার টাকা পর্যন্ত আছে কারওয়ান বাজারে। এর মধ্যে জাহিদি খেজুরের দাম কেজিপ্রতি ২০০-২৮০ টাকা, খুরমা খেজুর ৩৫০-৪০০ টাকা, দাবাস খেজুর ৪৫০ টাকা, বরই খেজুর ৪৫০-৫০০ টাকা, মাশরুক খেজুর ৭০০-৮০০ টাকা, সৌদি মরিয়ম খেজুর ৯০০ থেকে এক হাজার টাকা, আজুয়া খেজুর এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকা, মেডজুল জাম্বু খেজুর এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকা।
‘দীর্ঘদিন ধরেই বাজারের নিত্যপণ্যের দামের যে অবস্থা, নিম্ন-মধ্যবিত্তরা এক ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা কোনো ধরনের স্বস্তি পাচ্ছে না বলে জামান মান্নান নামের একজন বেসরকারি চাকুরিজীবি।
শিক্ষাবার্তা ডটকম/জামান/১২/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
