ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও রোভার মো. রবিউল ইসলাম রোভারিংয়ের সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)- ২০২২ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
জানা যায়, ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে মূল্যায়নের মাধ্যমে সমগ্র দেশ থেকে বাছাইকৃত রোভাররা চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এই সম্মাননা অর্জন করতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠানের ১০জন রোভার এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।
বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক এ কে এম আশিকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে গত ১২ থেকে ১৪ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ২০২২ সালের প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়নের ভিত্তিতে প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
রোভার মো. রবিউল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পশু পালন অনুষদ থেকে স্নাতক ও একই অনুষদের পশু পুষ্টি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি বাকৃবি রোভার স্কাউট গ্রুপের ক্র-ইন-কাউন্সিল ২০১৯-২১ এর সিনিয়র রোভারমেট হিসেবে দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে রোভার মো. রবিউল ইসলাম বলেন, সবাই স্বপ্ন দেখে, কিন্তু যে স্বপ্ন বাস্তবায়ন করতে পারে কেবল সেই এর অনুভূতি বুঝে। মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন আমার সেই স্বপ্নের বাস্তবরূপ। এই অর্জনে আমি নিজেকে গর্বিত বোধ করছি। আশা করছি এই অর্জন আমাকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য উৎসাহ যোগাবে।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে সর্বোচ্চ চারজন ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সেবাব্রুতী মুক্ত রোভার স্কাউট গ্রুপ, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এবং কুড়িগ্রাম মুক্ত রোভার স্কাউট গ্রুপ থেকে একজন করে মোট ১০জন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। এখন পর্যন্ত বাকৃবি থেকে ২৩ জনসহ বাংলাদেশ স্কাউটস থেকে সর্বমোট ১৯৪ জন পিআরএস অ্যাওয়ার্ড পেয়েছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
