এইমাত্র পাওয়া

ছেলের উত্তরপত্র শিক্ষক বাবার মোবাইলে, দুই বছরের কারাদণ্ড

টাঙ্গাইলঃ জেলার ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থী ছেলেকে উত্তরপত্র সরবরাহ করার দায়ে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একই দিনে মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষায় নকল করার অভিযোগে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, উপজেলার ধলাপাড়া এসইউপি পাবলিক উচ্চ বিদ্যালয় ও শহরগোপীনপুর ফাজিল মাদরাসা পরীক্ষাকেন্দ্রে মঙ্গলবার এসব ঘটনা ঘটে। এবারের এসএসসি পরীক্ষার একটি কেন্দ্র বদলিয়ে উপজেলার ধলাপাড়া এসইউপি পাবলিক উচ্চ বিদ্যালয়ের স্থলে পাশেই ধলাপাড়া চন্দন বালিকা উচ্চ বিদ্যালয়ে ভেন্যূ নির্ধারণ করা হয়। ওই ভেন্যুতে পরীক্ষা দিচ্ছিলেন ধলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আবু আসলামের ছেলে।

পরীক্ষা সূচি অনুযায়ী, গতকাল বিজ্ঞান বিভাগের রসায়ন বিষয়ের পরীক্ষা ছিল। ছেলের পরীক্ষা কেন্দ্রের ভেন্যুর গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন শিক্ষক বাবা আসলাম। দুপুরে কেন্দ্র পরিদর্শনে যান সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস।

তিনি জানান, বিদ্যালয়ের মূল ফটক ঘেঁষে তিন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি এগিয়ে যান। তাকে দেখে অন্য দুজন পালিয়ে গেলেও দাঁড়িয়ে থাকেন আসলাম। তিনি সন্দেহবশত তার মোবাইল ফোনটি চান। মোবাইল ফোন ঘেঁটে ছবি রাখার গ্যালারিতে রসায়ন বিষয়ের উত্তরপত্রের ছবি দেখতে পান তিনি। পরে তাকে আইন অনুযায়ী দুই বছরের সাজা দেওয়া হয়।

অন্যদিকে শহরগোপীনপুর ফাজিল মাদরাসায় দাখিল পরীক্ষাকেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.