পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মকর্তা কর্তৃক শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ১৪দিন ধরে বন্ধ ক্লাস-পরীক্ষা। গত ১৭ ফেব্রুয়ারি রাতে কৃষিকুঞ্জের ডাইনিং কক্ষের ঐ ঘটনায় রাসেলকে চাকরিচ্যুত করার দাবিতে ১৮ ফেব্রুয়ারি থেকে পবিপ্রবির ক্লাস-পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
শনিবার (২ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে ক্লাস প্রতিনিধি, ছাত্রলীগের সভাপতি-সম্পাদক এবং ছাত্র প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত জানান, এই প্রক্রিয়ায় লম্বা সময়ক্ষেপণ এর কারণে গত ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অভিযুক্ত রাসেলের সাময়িক চাকুরিচ্যুত করার নোটিশ দেওয়ার কথা ছিল। কিছু কর্মকর্তার কারণে পিছিয়ে যায়। পরবর্তী দিন রাসেলের একমাত্র সন্তান দুর্ঘটনায় পানিতে ডুবে মারা যায়। যা রাসেলের জন্য খুবই মর্মান্তিক ঘটনা। যার পরিপ্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণ থেকে শিক্ষক ও সাধারণ ছাত্রদের আন্দোলন স্থগিত করা হয়েছিল।
এ সময় শিক্ষার্থীরা জানান, লম্বা সময় ধরে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রমে একটি বড় ধরনের প্রভাব পড়েছে এবং সেমিস্টার পিছিয়ে পড়ার পথে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের দাবি যত দ্রুত সম্ভব ক্লাস-পরীক্ষার স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে হবে। এজন্য শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত শিক্ষার্থীদের সঙ্গে একমত হয়ে বলেন, খুব দ্রুতই আমরা ক্লাস-পরীক্ষায় ফিরে যাওয়ার চেষ্টা করব। এমনভাবে বিশ্ববিদ্যালয় চলতে পারে না। শিক্ষক সমিতির নিকট রাসেল লিখিতভাবে ভুল স্বীকার করেছে। তাদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব আমরা ক্লাস-পরীক্ষায় ফিরে যাব।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
