কুড়িগ্রামঃ দেশে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এই পরীক্ষায় কুড়িগ্রামের ফুলবাড়ীর এক স্কুল থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। রুবিনা আক্তার নামের এই শিক্ষার্থী অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের। তার আরও দুজন সহপাঠী পরীক্ষায় অংশ নেয়ার কথা। কিন্তু তারা কেউ নিয়মিত নয়। শুধু মানবিক বিভাগের একজন শিক্ষার্থী পরীক্ষায় নেয়ার কারণ হিসেবে করোনাকাল ও বাল্যবিয়েকে দুষছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা।
খোঁজ নিয়ে জানা যায়, ফুলবাড়ীর অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় শুরু হয় ১৯৯৮ সালে। ২০০৪ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। বর্তমানে এই স্কুলে শিক্ষার্থী সংখ্যা শতাধিক। আছে পাঁচজন এমপিভুক্তসহ ১১ জন শিক্ষক। চলমান এসএসসি পরীক্ষায় স্কুলটি থেকে অংশ নেয়া রুবিনার পরীক্ষাকেন্দ্র শিমুলবাড়ি মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে। কেন্দ্র সচিব নাজমা বেগম অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষা দিলেও একজন নিয়মিত বলে নিশ্চিত করেছেন।
রুবিনা বলে, আমার আরও সাত বান্ধবী ছিল। বিয়ে হওয়ায় তারা লেখাপড়া ছেড়ে দিয়েছে। তাই আমি একাই পরীক্ষা দিচ্ছি। এ বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলামের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি সাড়া দেননি। তবে অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক নুরুজ্জামান মিয়া বলেছেন, আগামীতে আরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ ও লেখাপড়ার মান উন্নয়নে কাজ করব।
২০২৪ সালে সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ১৪ মার্চ। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখেরও বেশি। দেশ রূপান্তর
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
