ঢাকাঃ আমাদের প্রত্যেকের স্বপ্ন থাকে নিজের পছন্দমতো চাকরি করার। তবে সব সময় সেই সুযোগ আমরা পাই না। এর জন্য হয়তো আপনি বর্তমান কর্মক্ষেত্র নিয়ে সন্তুষ্ট নন। তাই চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন।
তবে, এক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। তাড়াহুড়া করে চাকরি ছেড়ে দিলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই আগেই সবকিছু বিচার-বিবেচনা করে নিন। চলুন জেনে নেওয়া যাক চাকরি ছাড়ার আগে কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে-
পরিস্থিতি বিবেচনা করুন
শুরুতেই বিবেচনা করুন, আপনি চাকরি ছাড়লে পরিবারে কীরূপ প্রভাব পড়বে। অথবা অন্যান্য বিষয়কে কিভাবে প্রভাবিত করবে। যেমন- আপনার বীমা প্রিমিয়াম, গাড়ির ঋণ বা অন্য কোনো বিল থাকলে এ বিষয়ে ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত পরিবারের মৌলিক চাহিদায় সংকট তৈরি করবে কি না তা ভেবে দেখুন।
ক্যারিয়ারের লক্ষ্য নিয়ে ভাবুন
চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। আপনি কোন পথে এগোতে চাইছেন সে বিষয়ে নিশ্চিত হন। বর্তমান চাকরি কি আপনার পছন্দের ক্যারিয়ার নয়? যদি তাই হয় তবে হুট করে অন্য কোনো অপছন্দের চাকরিতে যোগদান করবেন না। বরং আপনার পছন্দের ক্যারিয়ার কোনটি তা আগে ভেবে দেখুন। সেখানে পৌঁছাতে হলে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে তা নিয়ে চিন্তা করুন।
আর্থিক অবস্থার দিকে নজর দিন
চাকরি ছাড়ার আগে আপনার আর্থিক অবস্থান খেয়াল করা গুরুত্বপূর্ণ। কারণ, এর ওপর নির্ভর করে বেকারত্বের মুহূর্তটা কিভাবে কাটাবেন। কোনো ঋণ থাকলে তা পরিশোধের আগে চাকরি ছাড়বেন না। এতে আপনি আরও বেশি সংকটে পড়তে পারেন। যদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত থাকে তবেই চাকরি ছাড়ার পরিকল্পনা করুন।
পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করুন
চাকরি ছাড়ার আগেই একটি ব্যাকআপ প্ল্যান করে রাখুন। নতুন কাজের ভূমিকায় নিজের দক্ষতা ও ক্ষমতা কতোটুকু আছে বোঝার চেষ্টা করুন। এরপর সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করুন।
মানসিক শান্তি নিশ্চিত করুন
চাকরি ছাড়ার আগে আপনার মানসিক শান্তি নিশ্চিত করুন। কারণ, এমন সিদ্ধান্ত অনেক সময় মানসিক শান্তি কেড়ে নিতে পারে। এটি পরিবর্তনের জন্য অনেক ধৈর্যের প্রয়োজন। আপনি চাইলেই নতুন কোনো চাকরি পেয়ে যাবেন না। তাই, হুট করে চাকরি ছাড়া এক ধরনের অনিশ্চয়তা এবং উদ্বেগ নিয়ে আসতে পারে।
শেষটা সুন্দর হোক
শেষটা হোক বন্ধুত্বপূর্ণভাবে। চাকরি ছাড়ার সময় কখনো সম্পর্ক নষ্ট করবেন না। বরং নতুন ও পুরনো দুই কর্মক্ষেত্রেই যেন আপনার ইতিবাচক প্রভাব থাকে, সেদিকে খেয়াল রাখবেন। প্রতিষ্ঠানের নীতি মেনে পদত্যাগ করবেন। সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে হাসিমুখে বিদায় নেবেন। এটি আপনার ক্যারিয়ারের অগ্রগতিতে মুখ্য ভূমিকা রাখবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
