এইমাত্র পাওয়া

মদনে কলেজছাত্রীকে রাস্তা থেকে তুলে ধর্ষণ

নেত্রকোনাঃ জেলার মদনে কলেজে যাওয়ার পথে এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সাজন মিয়া (২২) নামের এক যুবকের বিরুদ্ধে মদন থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত যুবক সাজন মিয়া মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের ছেলে।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ‘ভুক্তভোগী ছাত্রী মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পৌরসদরের বাসা থেকে কলেজে যাওয়ার সময় সাজন তার পথ রোধ করে কুপ্রস্তার দেয়। এক পর্যায়ে দেওয়ান বাজার রোডের একটি চালের দোকানে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। পরে সাজনের একজন সহযোগী দোকান বাহিরে থেকে তালা লাগিয়ে দেন। ওই দোকানে কলেজছাত্রীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে সাজন। পরে ঘটনাটি পরিবারকে জানায় কলেজছাত্রী। বৃহস্পতিবার সাজনের বিরুদ্ধে মদন থানায় মামলা করেন কলেজ ছাত্রীর মা।

ছাত্রীর মা বলেন, ‘কলেজে যাওয়ার পথে দিন-দুপুরে রাস্তা থেকে তুলে নিয়ে আমার মেয়েটিকে ধর্ষণ করেছে। বাসায় গিয়ে মেয়েটি কান্নাকাটি করে আমাকে সব জানিয়েছে। বিচারের আশায় থানায় মামলা করেছি। আমি এর বিচার চাই।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জানান, ‘এ ঘটনায় ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

অভিযুক্ত যুবক সাজন পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.