শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে সভায় বসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বুয়েট। সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সভার একটি সূত্র জানিয়েছে, দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ। তবে খাতাগুলো যাচাই-বাছাই করতে হবে। এই কাজ খুব সাবধানতার সাথে করতে চায় বুয়েট। সেজন্য কিছুটা সময় লাগবে। ফল প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চায় না অধিদপ্তর।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমকে বলেন, দ্বিতীয় ধাপের ফল তৈরির কাজ চলছে। আশা করছি আগামী সপ্তাহে ফল প্রকাশ করতে পারব।
প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বের পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। তিন বিভাগের ২২ জেলার ৬০৩টি কেন্দ্রের ৯ হাজার ৩৫৭টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
