ফাইল ছবি

মঙ্গলবার থেকে এক মাসের জন্য বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগ শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে ১২ মার্চ পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এসএসসি পরীক্ষা-২০২৪ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭০০টি কেন্দ্রে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নেবে।

কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষাকেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা এ কাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নজরদারি জোরদার করবে। প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা নেবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.