প্রবাসীদের রেমিট্যান্স অর্থনীতির মূল চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

ঢাকাঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা-সংগ্রামে বিশ্ব জনমত সৃষ্টিতে প্রবাসীরা বিরাট অবদান রাখেন। প্রতিটি আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধে প্রবাসীদের বিরাট অবদান রয়েছে। সেটা ছাড়াও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, প্রবাসীরা আমাদের স্বাধীনতা-সংগ্রামে, যেকোনো আন্দোলনে অবদান রেখেছেন। যখন বাংলাদেশে মার্শাল ল জারি হয়, আমরা যখন কাজ করতে পারি না, তখন প্রবাসীরা প্রতিবাদ জানান। আপনারা আন্দোলন-সংগ্রাম করেন। জনমত সৃষ্টি করেন। এটা আমাদের জন্য বিরাট শক্তি।

তিনি আরও বলেন, বিএনপি রাজনৈতিকভাবে বা ভোটের মাঠে আওয়ামী লীগের সমানে সমান নয়। তারা নির্বাচন চায় না, তাদের লক্ষ্য মানুষ হত্যা করা। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যই মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপির ভোট বর্জন লিফলেট প্রত্যাখ্যান করে ৭ জানুয়ারিতে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন দেশের জনগণ। ৭ জানুয়ারির ভোটে, মানুষের ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার সুরক্ষিত হয়েছে। উন্মুক্ত হওয়ায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।

নির্বাচন নষ্ট করে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজে বেড়ায় বিএনপি। আলো ঝলমল নির্বাচন আর নির্বাচনের পথে; বিএনপি পথ হারিয়ে ফেলেছে এ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, নিজেরা নিজেদের কার্যালয়ে তালা মেরে আবার তারাই সেই তালা খুলতে গেছেন। আসলে তারা এখন পথ হারানো পথিক হয়ে গেছেন। আসলে মানুষ মারার ফাঁদ তৈরির ওস্তাদ হলো বিএনপি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। মানুষের আস্থা-বিশ্বাসের চেয়ে বড় কোনো প্রাপ্তি আর নেই। এই নির্বাচন গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতার বিজয়। এখন নির্বাচন বাতিলের চক্রান্ত করে যাচ্ছে বিরোধীপক্ষ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯টি দেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে আসেন। আজ তারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.