এইমাত্র পাওয়া

বছরের ১ম মাস থেকেই শিক্ষার্থীরা ছুটছে প্রাইভেট শিক্ষকের কাছে

পাবনাঃ জেলার  সুজানগরের অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করতে চলতি জানুয়ারি মাস থেকেই প্রাইভেট পড়া শুরু করেছে। আর এই প্রাইভেট পড়া চলবে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত। মোট কথা ভাল ফলাফল অর্জন করতে প্রাইভেটই যেন শিক্ষার্থীদের একমাত্র ভরসা।

জানা যায়, সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। অধিকাংশ বিদ্যালয়ে তেমন লেখাপড়া না হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থী বছরজুড়ে প্রাইভেট পড়ে থাকে। অভিভাবকরা জানায়, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ২/৪ জন করে শিক্ষক আছেন যারা উপজেলায় ভাল প্রাইভেট শিক্ষক হিসেবে বেশ পরিচিত। তারা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানের চেয়ে প্রাইভেট পড়াতেই বেশি আগ্রহী। অনেক শিক্ষক আবার শিক্ষার্থীদেরকে ভাল ফলাফলের জন্য প্রাইভেট পড়তে উৎসাহিত করেন। ফলে নিরুপায় হয়ে সন্তানের ভাল ফলাফলের জন্য শিক্ষকদের কাছে ধর্না দেন অভিভাবকরা।

নামে প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন- অধিকাংশ প্রাইভেট শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ের আশপাশে বাসা ভাড়া নিয়ে আবার কেউবা বাড়িতে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর ব্যবস্থা করে রেখেছেন। তারা সরকারের নিয়ম নীতিকে উপেক্ষা করে সকাল-বিকাল শ্রেণিকক্ষের মতো প্রতি ব্যাচে ৩০ থেকে ৪০জন করে শিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে থাকেন। বিশেষ করে অংক এবং ইংরেজি বিষয়ের শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদানের চেয়ে প্রাইভেট পড়াতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, প্রাইভেট বাণিজ্যের কারণে সরকারের সময়োপযোগী তথা মানসম্মত শিক্ষা অর্জনের উদ্যোগ ভেস্তে যাচ্ছে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সোলায়মান হোসেন বলেন, প্রাইভেট এবং কোচিং বাণিজ্যের এ চিত্র দেশব্যাপী। সুতরাং ওই বাণিজ্য বন্ধে প্রয়োজন সরকারের ঊর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০১/২০২৪  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.