ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বৃহস্পতিবার পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি। যদিও আগের মন্ত্রিসভায় তিনি উপমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও সম্মান।
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় নিয়ে তিনি বলেন, আমরা প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল অংশীজনদের সঙ্গে বসে আলোচনা করব। এরপর আমাদের করণীয় ঠিক করব। যেহেতু আগেও শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলাম। তাই একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা সবার সঙ্গে কথা বলে আমাদের কার্যক্রম শুরু করব।
বুধবার রাতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক তিনবারের মেয়র ও আওয়ামী লীগের বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরী সন্তান। তিনি ২০১৬ সালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে সর্বকনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নওফেল। ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
মহিবুল হাসান ১৯৮৩ সালের ২৬ জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি লন্ডন স্কুল অফ ইকনোমিক্স থেকে স্নাতক পাস করে লন্ডন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন। মহিবুল হাসান চৌধুরী নওফেল ঢাকা বারের আইনজীবী। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরও সদস্য। বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির তিনি ব্যবস্থাপনা পরিচালক।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নওফেল আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করে ১ লাখ ৩০ হাজার ৯৯৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (লাঙল) সানজীদ রশীদ চৌধুরী পেয়েছেন ১ হাজার ৯৮২ ভোট।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
