এইমাত্র পাওয়া

হাসিমুখে শপথ অনুষ্ঠানে পিটার হাস

ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ না মানলেও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি হিসেবে বঙ্গভবনে উপস্থিত হন তিনি। এরপর অন্যান্য অতিথির সঙ্গে তিনি বঙ্গভবনের দরবার হলে আসন গ্রহণ করেন।

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী হিসেবে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে সই করবেন।

জাতীয় নির্বাচনের পরপরই শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে দ্রুততার সাথে ভারত, চীন এবং রাশিয়াসহ অনেকগুলো দেশ অভিনন্দন জানালেও ভিন্ন পথে হাঁটে যুক্তরাষ্ট্র। তারা বলে, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়নি।

যুক্তরাষ্ট্রের মতো একই সূর দেখা যায় যুক্তরাজ্য, কানাডাসহ কিছু পশ্চিমা দেশের। তবে বিবৃতিতে যাই বলুক নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন হাস।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পায় আওয়ামী লীগ। এ ছাড়া স্বতন্ত্রদের মধ্যে বিজয়ী হন ৬২ জন, যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

গত ৯ জানুয়ারি (মঙ্গলবার) নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট প্রকাশের পরদিন ১০ জানুয়ারি (বুধবার) শপথ নেন নবনির্বাচিত এমপিরা। আর এমপিদের শপথ গ্রহণের একদিন পর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নিচ্ছেন মন্ত্রিসভার সদস্যরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০১/২০২৪ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.