এইমাত্র পাওয়া

৪২ প্রিসাইডিং কর্মকর্তা শিক্ষকের বিরুদ্ধে ইসিতে অভিযোগ

নোয়াখালীঃ নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শিহাব উদ্দিন শাহিন। গতকাল বুধবার সকালে জেলা শহরের মাইজদীর নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় শাহিন অভিযোগ করেন, নির্বাচনে ভোট গ্রহণের আগে ও পরে তাঁর কর্মী-সমর্থকদের মারধর, জখম এবং বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। জাল ভোটসহ কেন্দ্রে বিভিন্ন অনিয়ম করার অভিযোগ এনে ৪২ জন প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছেন বলেও জানান তিনি। ৪২ জন প্রিসাইডিং কর্মকর্তা বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের শিক্ষক।

শাহিন বলেন, ‘নির্বাচনের আগে ও পরে প্রায় শতাধিক নেতা-কর্মী, সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়েছে নৌকার প্রার্থীর লোকজন। ভাঙচুর ও বোমা হামলা করা হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠানে। এতে আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী, অনেকে এখনো হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিন প্রায় ৪২ জন প্রিসাইডিং কর্মকর্তা নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরীর পক্ষ নিয়ে বিভিন্ন ভোটকেন্দ্রে পক্ষপাতমূলক দায়িত্ব পালন করেছেন।’

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নির্বাচনের পর থেকে গত মঙ্গলবার রাত পর্যন্ত শাহিনের অর্ধশতাধিক কর্মী-সমর্থককে মারধরের পাশাপাশি অনেকের ব্যবসাপ্রতিষ্ঠানে তালা দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০১/২০২৪ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.