মানিকগঞ্জঃ কলেজ শিক্ষকের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে বউয়ের হাতে খুন হলেন শাশুড়ি তহুড়া বেগম (৫৫)। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ১১ টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের ছোট বরুন্ডী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তহুড়া ওই গ্রামের সোনামুদ্দিন বিশ্বাসের স্ত্রী।
পুলিশ বুধবার (১০ জানুয়ারি) ভোরে নিহত শাশুড়ি তহুড়া বেগমের মৃতদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই আল মামুন বাদী হয়ে আইরিন আক্তার (২১) ও তার প্রেমিক ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক লাল মুদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ পুত্রবধূ আইরিন আক্তারকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছেন ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত তিন মাস আগে নিহতের ছেলে রাসেল বিশ্বাসের সঙ্গে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আলগীরচর গ্রামের আইরিন আক্তারের বিয়ে হয়। সপ্তাহ খানেক আগে রাসেল বিদেশে চলে যাওয়ায় বউয়ের পরকীয়ার ঘটনা টের পান শাশুড়ি। এ নিয়ে বউ-শাশুড়ির মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার রাতে আইরিন দুধ গরম করার অজুহাতে পাশের রুমে গিয়ে ফোনে প্রেমিকের সঙ্গে কথা বলছিল। এ সময় শাশুড়ি তার ফোনালাপ শুনে ফেলায় দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে হাতে থাকা টর্চ লাইট দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করেন বউ। এরপর চাকু দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ ঘর থেকে অন্যত্র সরানোর সময় শব্দে পাশের রুমে থাকা শ্বশুরের ঘুম ভেঙে যায়। তিনি এগিয়ে এলে তাকেও আইরিন আক্তার চাকু দিয়ে আঘাত করে। এতে সোনামুদ্দিন বিশ্বাসের ঠোঁট কেটে যায়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আইরিনকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়।
মামলার বাদী আল মামুম জানান, বিয়ের দুমাস পরেই আইরিনের সঙ্গে কলেজ শিক্ষক লাল মুদ্দিনের পরকীয়া প্রেমের সম্পর্ক প্রকাশ পায়। এ নিয়ে পারিবারিক দ্বন্দ্বের সৃষ্টি হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার উপ-পরিদর্শক (এস আই) এনামুল হক বলেন, খবর পেয়ে আইরিনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তারসহ হত্যায় ব্যবহৃত টর্চ লাইট, চাকু ও রক্তমাখা শাড়ি উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, আসামি আইরিন আক্তারকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বাকি আসামিকেও গ্রেপ্তার করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
