ঢাকাঃ সারা দেশে ঘনকুয়াশার সঙ্গে রয়েছে শীতের দাপট। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে। এমন পরিস্থিতিতে আগামীকাল রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় নির্বাচনের দিন কেমন থাকবে আবহাওয়া।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল সারা দেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
গত শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে দেখা যায়, রবিবার ভোটের দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে এবং দেশের কোথাও কোথাও এটি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘনকুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।
ভোটের দিন সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘনকুয়াশার কারণে সারা দেশে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে জানা গেছে।
এ ছাড়া আজ শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘনকুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।
আজ সকাল ৯টায় উত্তরের পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর তিন ঘণ্টা আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।
গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
