শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ আবেদন অনেক কম হওয়ায় প্রতিবছরই ফেরত যাচ্ছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য বরাদ্দ শিক্ষা উপবৃত্তির টাকা। এমন পরিস্থিতিতে তাদের জন্য শিক্ষা উপবৃত্তির প্রকল্প বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানা গেছে। গত ২০২২-২৩ অর্থবছরে ১ হাজার ২২৫ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর জন্য বরাদ্দ দিয়েছিল সরকার। এর বিপরীতে বৃত্তি পান মাত্র ২৫৬ জন। তবে আবেদন করা সত্ত্বেও জন্মনিবন্ধন সনদ কিংবা জাতীয় পরিচয়পত্র এবং জেলা তৃতীয় লিঙ্গ (হিজড়া) কমিটির প্রত্যয়নপত্রে জটিলতা থাকায় অনেকে বৃত্তি পাননি। ফলে বছর শেষে প্রায় ৮০ শতাংশ টাকাই অব্যবহৃত রয়ে গেছে। এর আগের বছরগুলোতেও দেখা গেছে একই চিত্র।
সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ২০১২-১৩ অর্থবছরে ‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি’ বাস্তবায়ন শুরু হয়। পাইলট কর্মসূচি হিসেবে সাতটি জেলায় তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রম চালু হয়। ২০১৩-১৪ অর্থবছরে ২১টি জেলায় তা সম্প্রসারণ হয়। ২০১৫-১৬ অর্থবছর থেকে ৬৪ জেলায় এই কর্মসূচি চালু হয়। ২০২১-২২ অর্থবছর থেকে উপবৃত্তির টাকা জিটুপি পদ্ধতিতে উপকারভোগীর মোবাইল ব্যাংকিং হিসেবে প্রেরণ করা হচ্ছে। চারটি স্তরে শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয়। প্রাথমিকে জনপ্রতি ৭০০ টাকা, মাধ্যমিকে ৮০০, উচ্চ মাধ্যমিকে ১ হাজার এবং উচ্চশিক্ষায় ১ হাজার ২০০ টাকা করে উপবৃত্তি দেওয়া হয়।
কর্মসূচির পরিচালক মো. শাহজাহান জানান, তৃতীয় লিঙ্গের ৫০ হাজার শিক্ষার্থীও যদি আবেদন করে, তাহলেও সবাইকে উপবৃত্তি দেওয়া সম্ভব ছিল। কিন্তু আবেদন কম হওয়ায় প্রতিবছর উপবৃত্তির টাকা ফেরত যায়। এজন্য উপজেলা সমাজসেবা অধিদপ্তরগুলোকে বারবার তাগাদা দেওয়া হয়েছে। তারপরও আশানুরূপ আবেদন পাওয়া যাচ্ছে না।
তবে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী ও তাদের নিয়ে কাজ করা সংগঠকরা জানান, আবেদন করেও নানা জটিলতার কারণে অনেকেই উপবৃত্তি পান না। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিরা কবির। ২০২০ সালে উপবৃত্তির জন্য আবেদন করেন। তিন বছর কেটে গেলেও তিনি উপবৃত্তি পাননি।
মিরা বলেন, লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য আমার নেই। উপবৃত্তির জন্য আবেদন করলেও এখনো পাইনি।
সিলেট সদরের আশার আলো যুব কল্যাণ সংঘের সভাপতি মাহফুজ আলম জানান, তাদের সংগঠনের মাধ্যমে ২০২০ সালে ১৭ জন শিক্ষার্থীর নাম জমা দেওয়া হয়। কিন্তু তিন বছর পার হলেও কেউ উপবৃত্তি পাননি। আবেদনকারীর মধ্যে ৯ জন স্নাতক শ্রেণিতে পড়ছেন। বাকিরা কলেজ ও স্কুলের শিক্ষার্থী। এখানে সর্বশেষ ২০১৮ সালে দুজন শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছিল। অথচ কর্মকর্তারা বলছেন উপবৃত্তির টাকা ফেরত যায়।
রাজবাড়ী সরকারি কলেজে এইচএসসি পড়ার সময় সমাজসেবার অধীনে শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করেছিলেন জিহাদ মিয়া। এক বছর প্রতিমাসে ১ হাজার টাকা করে পেয়েছেন। এরপর আবার আবেদন করলে ছয় মাস পর গত জুনে বিকাশের মাধ্যমে মোবাইলে টাকা পান।
জিহাদ বলেন, আমরা অবহেলিত জনগোষ্ঠী। এই অর্থ পেলে লেখাপড়া চালিয়ে যাওয়া কিছুটা সহজ হয়। বর্তমানে আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজবাড়ীতে ডিগ্রি প্রথম সেমিস্টারে পড়ছি।
তাহাছান ইসলাম মিরাজ রাজধানীর আজিমপুর শহীদ মানিক আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি দেবে। ২০২২ সালে উত্তরা হিজড়া জনগোষ্ঠীর ‘সংযোগ’ নামে একটি সংগঠনের মাধ্যমে শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করে।
তাহাছান বলে, গত বছর আবেদন করেও উপবৃত্তি পাইনি। ২০২৩ সালের ডিসেম্বরে আবারও আবেদন করেছি। সামনে পরীক্ষা। উপবৃত্তি পেলে লেখাপড়া চালিয়ে যাওয়া কিছুটা সহজ হতো।
এ বিষয়ে জানতে চাইলে কর্মসূচি পরিচালক মো. শাহজাহান বলেন, আবেদন করেও উপবৃত্তি না পাওয়ার অনেক অভিযোগ আগেও পেয়েছি। খোঁজখবর নিয়ে সত্যতা পাওয়ায় বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে জানানো হয়। পরে তারা টাকা পেয়েছেন।
তিনি আরও বলেন, আগে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা সরাসরি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারতেন। বর্তমানে অর্থ মন্ত্রণালয় বিকাশের মাধ্যমে মোবাইলে টাকা পাঠাচ্ছে। এ পদ্ধতি চালু করার পর থেকে আবেদনের সংখ্যা কমছে। কারণ, মোবাইল ব্যাংকিংয়ে হিসাব খুলতে জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র ও হিজড়া কমিটির প্রত্যয়নপত্র লাগে। অনেকেই এসব কাগজ দিতে পারে না। কারও জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র না থাকলে কিংবা এগুলো করার ক্ষেত্রে সমস্যা হলে তারা সমাজসেবা অধিদপ্তরকে জানালে সহযোগিতা করতে পারি।
পর্যাপ্ত আবেদন না পড়ায় এ বছর তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের উপবৃত্তি বন্ধ করে দেওয়া হচ্ছে জানিয়ে প্রকল্প পরিচালক আরও জানান, আগে ৫০ বছরের বেশি বয়সী তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে ভাতা দেওয়া হতো। নীতিমালা সংশোধন করে বয়সের এই সীমা তুলে দেওয়া হচ্ছে। নতুন নীতিমালা কার্যকর হলে সবাই ভাতা পাবেন। তখন আর আলাদা করে শিক্ষা উপবৃত্তির প্রয়োজন হবে না। তারা আজীবন ভাতা পাবেন। কালবেলা
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
