ঢাকাঃ যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গাজা যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেছেন।
একইদিন বুধবার, বাইডেনের পুনর্নির্বাচন প্রচারণা শিবিরের ১৭ জন কর্মী বেনামী একটি চিঠিতে সতর্ক করে বলেছেন, ইসরায়েল-গাজা ইস্যুতে বাইডেন অনেক ভোটারের সমর্থন হারাতে পারেন।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনি ছিটমহল গাজায় মৃত্যুর সংখ্যা অব্যাহতভাবে বাড়তে থাকায় বাইডেন প্রশাসনের অনেকেই অস্বস্তিবোধ করছেন, শিক্ষা কর্মকর্তার পদত্যাগ তার সর্বশেষ ইঙ্গিত।
রয়টার্স জানিয়েছে, পদত্যাগকারী কর্মকর্তা তারিক হাবাশ শিক্ষা বিভাগের পরিকল্পনা, মূল্যায়ন ও নীতি উন্নয়ন দপ্তরের বিশেষ সহকারী পদে কর্মরত ছিলেন। বুধবার তিনি যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী মিগেল কার্ডোনার কাছে পাঠানো চিঠিতে পদত্যাগের ঘোষণা দেন।
চিঠিতে তিনি বলেন, “এই প্রশাসন নিরপরাধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা নিয়ে চোখ বন্ধ করে রাখলেও আমি চুপ থাকতে পারছি না। নেতৃস্থানীয় মানবাধিকার বিশেষজ্ঞরা একে ইসরায়েলি সরকারের গণহত্যামূলক অভিযান বলে অভিহিত করেছেন।”
ফিলিস্তিনি-আমেরিকান হাবাশ শিক্ষার্থী ঋণ বিষয়ের একজন বিশেষজ্ঞ। মার্কিন শিক্ষা বিভাগের শিক্ষার্থী ঋণ দক্ষতা বাড়ানোর উদ্যেগের অংশ হিসেবে বাইডেনের মেয়াদের শুরুর দিকে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
এদিকে বাইডেনের পুনর্নির্বাচন প্রচারণা শিবিরের ১৭ জন অনামা কর্মী গণমাধ্যমে প্রকাশিত এক চিঠিতে বাইডেন প্রশাসনকে গাজায় যুদ্ধবিরতির ডাক দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে বাইডেনের প্রচারণা শিবিরকে মন্তব্যের জন্য অনুরোধ জানানো হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
বুধবার সকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, গাজায় গণহত্যা সংঘটিত হয়েছে এমন কোনো কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেনি যুক্তরাষ্ট্র।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগ দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। এর প্রতিক্রিয়া মিলার ওই বক্তব্য দেন।
গাজায় গণহত্যা চালানো হচ্ছে, এমন অভিযোগ ইসরায়েলও প্রত্যাখ্যান করেছে।
এর আগে অক্টোবরে ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের ‘অন্ধ সমর্থন’ এর প্রতিবাদে পদত্যাগ করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা যশ পল।
নভেম্বরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অংশ ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর এক হাজারের বেশি কর্মকর্তা এক খোলা চিঠিতে স্বাক্ষর করে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির ডাক দেওয়ার জন্য বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
ডিসেম্বরে বাইডেন প্রশাসনের কিছু কর্মী গাজায় যুদ্ধবিরতির দাবিতে হোয়াইট হাউজের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ দেখিয়েছিলেন।
গাজায় প্রায় তিন মাস ধরে চলা ইসরায়েলের অবিরাম নির্মম আক্রমণে ২২৩১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি ছিটমহলটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ইসরায়েলের বিরামহীন হামলায় গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন আর পুরো ভূখণ্ডটি এক গভীর মানবিক সংকটে নিমজ্জিত হয়ে পড়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
