বাউফলে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিয়োগ বাতিল!

পটুয়াখালীঃ দীর্ঘ দুই বছর পর জেলারবাউফলের আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের নিয়োগ বাতিলের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের ৮৮/৪জি-১৩৬৩-ম/২০১২/৩৭৫১ নম্বর স্মারকের এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালের ডিসেম্বর মাসে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পান মো. খায়রুল আলম। পরবর্তীতে প্রধান শিক্ষক পদে এই নিয়োগের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠে। ওই পদে নিয়োগের জন্য আবেদনকারী ৮ জন শিক্ষক এই অভিযোগ করেন। তারা অভিযোগ সহকারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিয়োগ বাতিল চেয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব বরাবর আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ দুই বছর পর তদন্ত শেষে প্রধান শিক্ষক মো. খাইরুল আলমের নিয়োগ বাতিলের জন্য বিদ্যালয় ম্যানেজিং কমিটিকে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক কাওছার আহমেদ।

জানা যায়, গত ২৬ ডিসেম্বর চিঠি দেয়া হলেও অদ্যাবধি এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি ম্যানেজিং কমিটি। প্রধান শিক্ষক মো. খাইরুল আলম দায়িত্ব পালন করছেন নিয়মিত।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, আমি কোনো চিঠি পাইনি। চিঠি পেলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান বলেন, অধিদফতর থেকে আব্দুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিয়োগ বাতিল করার জন্য চিঠি দেয়া হয়েছে। এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.