এইমাত্র পাওয়া

নতুন বছরে ৬ হাজার চিকিৎসক নিয়োগ দিতে চায় সরকার

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ চিকিৎসকদের জন্য চলতি বছরে বড় ধরনের সুখবর দিচ্ছে সরকার। দেশের উপজেলাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসকের সংকট কাটাতে চলতি বছরেই ছয় হাজার চিকিৎসক নিয়োগ দিতে চায় সরকার। তিন ধাপে এই নিয়োগ হওয়ার কথা জানিয়েছে সরকার।

গতকাল রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান সভার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সভা সূত্র জানায়, দেশে চিকিৎসকের সংকট আছে। করোনার মধ্যে একবার ৩৯তম বিসিএস থেকে বিশেষভাবে পাঁচ হাজারের বেশি চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এরপর বিভিন্ন সাধারণ বিসিএসে চিকিৎসক নিয়োগ দিলেও সেটি ছিল সংখ্যায় কম। সর্বশেষ ৪৬তম বিসিএসে চিকিৎসক নেওয়ার কথা জানানো হয়েছে। এই বিসিএসের বিজ্ঞপ্তি অনুসারে প্রায় ১ হাজার ৭০০ চিকিৎসক নিয়োগের কথা রয়েছে।

জানা যায়, তিন ধাপে চিকিৎসক নিয়োগের সভা হয়। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে নিয়োগ কীভাবে হবে, তা ঠিক করতে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) করণীয় ঠিক করতে হবে বলে জানায় ওই সভার সূত্র। তবে এ বিষয়ে পিএসসি থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় সাধারণ মানুষের যথাযথ চিকিৎসা নিশ্চিতে নতুন করে আরও ছয় হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর মহাখালীর নিপসম অডিটোরিয়ামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসক–সংকটের কারণে উপজেলা হাসপাতালগুলোয় সাধারণ মানুষ যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন না। সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোয় আট ঘণ্টা সেবা দেওয়া হচ্ছে। এখনো আমাদের ৫০ শতাংশ ডেলিভারি বাসায় হচ্ছে। এসব সংকট উত্তরণে নতুন করে শিগগিরই আরও ছয় হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘প্রাতিষ্ঠানিক ডেলিভারি অনেক কম। এটা বাড়াতে হবে। এখনো ঘরে ৫০ শতাংশ ডেলিভারি হয়। যেখানে কোনো প্রশিক্ষিত কেউ থাকে না। এ ক্ষেত্রে আমাদেরও কিছু করণীয় আছে। সরকারি স্বাস্থ্যকেন্দ্র ৮ ঘণ্টা সার্ভিসে কখনোই চলতে পারে না। ইনস্টিটিউশনাল ডেলিভারি বাড়াতে হলে স্বাস্থ্যকেন্দ্রের কর্মঘণ্টা ২৪ ঘণ্টা করতে হবে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.