এইমাত্র পাওয়া

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

ঢাকাঃ হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড় জেলায় প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাস এবং ঘন কুয়াশার কারণে বাড়ছে মানুষের দুর্ভোগ। পঞ্চগড়ের তাপমাত্রা কমে ১১.৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গেছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জানা যায়, পঞ্চগড়ের আশপাশের জেলায় গত কয়েক দিন থেকে শীতের মাত্রা বাড়তে থাকে এবং রাতে ও সকালে প্রচণ্ড কুয়াশা পড়ছে। তীব্র শীতের কারণে গ্রাম-গঞ্জের মানুষ বিশেষ করে কর্মজীবী মানুষ পড়েছেন বিপাকে। গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে গেছে। দিনের বেলা রোদের দেখা মিললেও বিকেল হতেই শীতের তীব্রতা বেড়ে যায়।

এলাকায় শীতের তীব্রতা বেড়ে গেলেও এখনও সরকারিভাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম। এছাড়া শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

পঞ্চগড়ের তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, হিমালয়ের কাছে হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে বেশ ঠাণ্ডা অনুভূত হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। মঙ্গলবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বরের শেষে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। সেই ক্ষেত্রে তাপমাত্রা এক অংকের ঘরে গিয়ে দাঁড়াবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.