নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বদলি নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা খুব শিগগির সুখবর পাবেন বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব মো. ওবায়দুর রহমান।
তিনি বলেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নীতিমালা তৈরির কাজ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। যদিও বদলির বিষয়টি আমাদের হাতে নেই। তবুও যতটুকু জেনেছি, শিক্ষকরা খুব দ্রুত খুশির খবর পাবেন।
রবিবার (৩১ ডিসেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে আয়োজিত অবহিতকরণ কর্মশালায় এ কথা জানান এনটিআরসিএ সচিব। শিক্ষকদের বদলি সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এনটিআরসিএ সচিব বলেন, বেসরকারি শিক্ষকদের বদলির দাবি দীর্ঘদিনের। আমরা সমপদের বিপরীতে বদলির কথা বলেছিলাম। তবে মন্ত্রণালয় সবার মতামতের ভিত্তিতে বদলি প্রক্রিয়া চালু করবে। বিষয়টি নিয়ে কাজও শুরু হয়েছে। যতটুকু জেনেছি স্কুল-কলেজে যোগদানের একটি নির্দিষ্ট সময় পর শিক্ষকরা বদলির সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, অনেকে বলছেন, এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ সুপারিশপ্রাপ্তরাই কেবল বদলির সুযোগ পাবেন। অনেক প্রার্থী আমাদের ফোন করে কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদেরও বদলির দাবি তুলেছেন। কারা বদলির সুযোগ পাবেন, আর কারা পাবেন না, তা এখনই বলা যাচ্ছে না। বদলি নীতিমালা নিয়ে অনেক কাজ এখনো বাকি রয়েছে।
এনটিআরসিএ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস এম মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সচিব মো. ওবায়দুর রহমান। মূলপ্রবন্ধের উপর আলোচনা করেন এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) ড. আব্দুল মান্নান, সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) আবদুর রহমান।
এদিকে বদলি নীতিমালা তৈরি নিয়ে দ্বিতীয় কর্মশালার তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২ জানুয়ারি) এ কর্মশালা হবে। এর আগে গত ২২ অক্টোবর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা সংক্রান্ত প্রথম সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
