নিজস্ব প্রতিবেদক।।
নরসিংদীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থীকে পেটানোর হুমকি দেয়ার ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার। নরসিংদী যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নরসিংদী-১ নির্বাচনী এলাকার নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য নাহিদুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রলীগ সভাপতিকে শোকজ করেন।
এতে উল্লেখ করা হয়, গত বুধবার দুপুরে নরসিংদী ক্লাব লিমিটেডের মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলামের নৌকা প্রতীককে বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন তার বক্তব্যে বলেন, ‘কোনো স্বতন্ত্র-মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই।
ছাত্রলীগের কোনো পোলাপান স্বতন্ত্ররে মানতো না। স্বতন্ত্ররে কেমনে পিডাইতে অয়, হে অই দেহায়সে, হেরে আমরা এমনেই পিডামু। এই শহরের, এই সদরের নির্বাচনী কোনো এলাকায় তাদেরকে (স্বতন্ত্র প্রার্থী) কোনো জায়গা দেয়া যাবে না।’ ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমনের দেয়া বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। যা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (১৯৭২ সনের রাষ্ট্রপতি আদেশ নম্বর ১৫৫) এর ৭৩ ও ৮৪ (ক) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ধারা ১১ (ক)-এর লঙ্ঘন।
এ বিষয়ে নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) ও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম বলেন, ‘নির্বাচনী আচরণ পরের বিষয়, স্বাভাবিকভাবে কেউ কাউকে পেটানোর হুমকি দিলেই সেটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।’ রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। যদি ভুক্তভোগী প্রমাণসহ লিখিত অভিযোগ করেন, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কেউ কোনো প্রার্থীকে হুমকি দিলে সেটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
