এইমাত্র পাওয়া

প্রাথমিকের শিক্ষক ও ব্যাংকের পরীক্ষা একই সময়ে, বিপাকে পরীক্ষার্থীরা

ঢাকাঃ দেশের তিন বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের প্রথম পর্বের লিখিত পরীক্ষা ও ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (সাধারণ) পদের লিখিত পরীক্ষা পড়েছে আগামী ৮ ডিসেম্বর সকাল ১০টায়। বড় দুটি চাকরির পরীক্ষার সূচি একই দিনে ও একই সময়ে হওয়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রত্যাশীরা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের প্রথম পর্বের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর। গত ২১ নভেম্বর সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিমন্ত্রী জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, প্রথম পর্বে ১৮টি জেলার ৫৩৫ কেন্দ্রে সকাল ১০টা থেকে এক ঘণ্টার এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পর্বের পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। এদিকে, প্রাথমিক পরীক্ষার তারিখ ঘোষণার পর গত মঙ্গলবার ব্যাংকার্স সিলেকশন কমিটি সমন্বিত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (সাধারণ) পদের লিখিত পরীক্ষার জন্য ৮ ডিসেম্বর তারিখ ঘোষণা করে।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইটে বলা হয়েছে, ৯২২ শূন্য পদে লিখিত পরীক্ষা ৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের ছয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৫৭৪ জন। প্রাথমিকের ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ প্রার্থীর মধ্যে অনেকের ব্যাংকের পরীক্ষা একই দিনে পড়েছে। একই সময়ে পরীক্ষা হওয়ায় যেকোনো একটিতে অংশগ্রহণ করতে পারবেন না তারা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশীরা।

গতকাল (বৃহস্পতিবার) সিনিয়র অফিসার পদের পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের জন্য ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের পরিচালক ও সচিব বরাবর আবেদন করেছেন পরীক্ষার্থীরা। আবেদনপত্রে পরীক্ষার্থীরা বলেন, ‘আমরা সমন্বিত ১০টি ব্যাংকের সিনিয়র অফিসার ও প্রাথমিকের সহকারী শিক্ষক পদের পরীক্ষার্থী। দুটি চাকরিই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। কিন্তু দুটির পরীক্ষা একই দিনে নির্ধারিত হওয়ায় আমরা বিপাকে পড়েছি। আমাদের সুবিধার কথা বিবেচনা করে সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি।

চাকরীপ্রত্যাশীরা বলেন, দুটো পরীক্ষাই খুব গুরুত্বপূর্ণ। তাই একই শিক্ষার্থী দুই পরীক্ষা অংশগ্রহণ করবে। বিশেষ করে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে যেসব পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবে তারা চাইলে ব্যাংকার্স সিলেকশনের পরীক্ষায় অংশ নিতে পারবে না। অন্যদিকে, যারা ব্যাংকার্স সিলেকশনের পরীক্ষা অংশ নেবে তারা রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশ নিতে পারবেন না। পরীক্ষাটা সকাল-বিকেল হলেও অনেক প্রার্থীর পক্ষে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব ছিল। কিন্তু একই দিনে একই সময়ে পরীক্ষার সময় নির্ধারণ করায় অনেককে একটি পরীক্ষার আশা বাদ দিতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.