দিনাজপুরঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দিনাজপুরে নারী ও শিশু নির্যাতনের ঘটনার তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।
শনিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি সরকারের কাছে কিছু সুপারিশমালা তুলে ধরা হয় প্রতিবেদনে। সংবাদ সম্মেলনে লিখিত প্রতিবেদন পাঠ করেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক ড. মারুফা বেগম।
প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে কন্যা শিশুরা ঘরে বাইরে পাবলিক পরিসর, শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও নিরাপদ নয়। প্রতিদিন দেশের কোথাও না কোথাও যৌন নিপিড়ন উত্ত্যক্তকরণ, ধর্ষণের চেষ্টা, দলবদ্ধ ধর্ষণের পর হত্যাসহ নানা প্রকার সহিংসতার শিকার অধিকাংশই কিশোরী তরুণী এবং শিশু।
সম্প্রতি চিরিরবন্দরে ৫ যুবকের কাছে গণধর্ষণের শিকার একজন তরুণীর ঘটনার সঠিক তদন্ত এবং গণধর্ষণে জড়িতদের বিচারের আওতায় আনতে মহিলা পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে। এছাড়াও বীরগঞ্জে স্কুল ছাত্রীকে বখাটে যুবক কর্তৃক উত্ত্যক্ত এবং ওই স্কুল ছাত্রীর বাড়ীতে আগুন দেওয়ার ঘটনার পাশাপাশি বিরলে কিশোরিকে উত্ত্যক্ত এবং অপহরণ করে ধর্ষণের ঘটনার বর্ননা করা হয়েছে।
অন্যদিকে শহরের পাটুয়াপাড়ায় বিয়ে পরবর্তী পারিবারিক অশান্তি সুরাহা, হাজী দানেশ বিশ্বিবদ্যালয়ে একজন ছাত্রীকে উত্ত্যক্তকারি ছাত্রকে শাস্তিস্বরুপ বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করানো এবং খানসামার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের সময় ছাত্রীদের অশ্লীল ভিডিও দেখিয়ে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত শিক্ষক সিরাজুল ইসলাম মাহমুদকে বরখাস্ত করানোর সফলতার তথ্য প্রকাশ করা হয়েছে মহিলা পরিষদের ওই প্রতিবেদনে।
প্রতিবেদনে আরো জানানো হয়, গত বছরের ২২ নভেম্বর থেকে চলতি বছরের ২৩ নভেম্বর পর্যন্ত গত একবছরে দিনাজপুর জেলায় নারী ও শিশু ধর্ষনের মামলা হয়েছে ৩৫টি, শিশু নির্যাতনের মামলা হয়েছে ৭৩টি, যৌতুকের জন্য নির্যাতনের ২৫৬টি মামলা ছাড়াও বিভিন্ন অপরাধে আরো ১৭৮টি মামলা রেকর্ড হয়েছে।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিচারালয়ে ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন উপস্থাপন নিষিদ্ধ করে স্বাক্ষ্য আইনের বিধান পরিবর্তন এবং ভিকটিম সার্পোট সেন্টার ও ওসিসির কার্যক্রম দেশব্যাপী বিস্তুৃত এবং নারী ও কন্যা নির্যাতনকারিদের রাজনৈতিক সামাজিক প্রশাসনিক আশ্রয় প্রশয় দেওয়া বন্ধ করাসহ বেশ কিছু সুপারিশমালা উপস্থাপন করা হয়েছে লিখিত প্রতিবেদনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মহিলা পরিষদ দিনাজপুরের অর্থ সম্পাদক রত্না মিত্র, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার, প্রশিক্ষন গবেষনা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ, আন্দোলন সম্পাদক গৌরী চক্রবর্তী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, নির্বাহী সদস্য রোখসানা বিলকিস, শুকলা কুন্ডু, মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা কমিটির আহবায়ক শামিমা সুলতানা, মহিলা পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি লায়লা বানু, সাধারণ সম্পাদক পূর্ণিমা মহন্ত প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
