নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
শুক্রবার (২৪ নভেম্বর) পিএসসির যুগ্ম সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সকল বিভাগীয় শহরে অনুষ্ঠেয় ৪৫তম বিসিএস এর সকল লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট) অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
২৭ নভেম্বর পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নির্বাচনের তফসিল ঘোষণার পর চলমান বিরোধী দলগুলোর হরতাল-অবরোধের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।
এর আগে গতকাল বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আগামী ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে। চলবে ১১ দিন। সাত দিন কম্পোলসারি, আর চার দিন টেকনিক্যাল ক্যাডারদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা ও বিভাগীয় পর্যায়ে এই পরীক্ষায় ১২ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে।’
তাঁর আগে গত রবিবার (১৯ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন করে পরীক্ষার্থীরা।
৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষার্থী হিসেবে মনোনীত অর্ধশতাধিক পরীক্ষার্থী স্বাক্ষরিত আবেদন পত্রটিতে বলা হয়েছে, আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন ঢাকাসহ সারাদেশে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সময়সূচি প্রকাশ করেছে। ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার্থী হিসেবে সময়সূচি অনুযায়ী পরীক্ষা দিতে তাদের কোন আপত্তি নেই। তবে তফসিল ঘোষণার পর চলমান হরতাল-অবরোধ আরও ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করাই পরীক্ষার পরিবেশ নিয়ে তারা শঙ্কিত।
আবেদন পত্রে আরও বলা হয়, ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ১২ হাজারের বেশি পরীক্ষার্থীর মধ্যে অর্ধেকের বেশি পরীক্ষার্থী ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিবে। এমতাবস্থায় টানা পরীক্ষায় নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত বলে তারা মনে করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
