যেখানে-সেখানে চাইলেই স্কুল খোলা যাবে না

ঢাকাঃ রাজধানীর বিভিন্ন অলিগলিতে ভাড়া বাসা নিয়ে কিন্ডারগার্টেন স্কুল খুলে বসেন অনেকে। আলো-বাতাস ঢোকে না এমন ক্লাসরুমে পাঠদান করানো হয়। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য জায়গাও থাকে না।

এবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা’ অনুযায়ী যেখানে-সেখানে চাইলেই স্কুল খোলা যাবে না। ঢাকাসহ দেশের মহানগর এলাকায় স্কুল চালু করতে কমপক্ষে ৮ শতক জমির ওপর ভবন থাকতে হবে।

নতুন বিধিমালার ১৯ নম্বর ধারায় ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি ও ভবন’ শিরোনামে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এ ধারার বর্ণিত নিয়ম অনুযায়ী—

ভাড়া কিংবা স্থায়ী ভবনে হোক, মহানগর এলাকায় ন্যূনতম ৮ শতক, পৌরসভায় ১২ শতক এবং অন্য এলাকায় ৩০ শতক জমির ওপর নির্মিত হতে হবে। ভবন ও ভূমি ভাড়া নেওয়া যাবে।

এ ধারার উপবিধি-৩-এ বলা হয়েছে, প্রত্যেক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পর্যাপ্ত সংখ্যক শ্রেণিকক্ষ এবং যতদূর সম্ভব প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের কক্ষ থাকতে হবে।

জমি ও ভবন ভাড়া নেওয়ার ক্ষেত্রে প্রমাণ হিসেবে বিদ্যালয়ের নামে কমপক্ষে তিন বছরের জন্য ৩০০ টাকা বা সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো মূল্যের নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ভাড়ার লিখিত চুক্তি থাকতে হবে।

শনিবার (১১ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিধিমালা প্রজ্ঞাপন আকারে জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখার উপসচিব আক্তারুন্নাহার। তবে সোমবার (১৩ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, কিন্ডারগার্টেন স্কুল নিয়ন্ত্রণে গত ফেব্রুয়ারিতে উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিধিমালা প্রস্তুত করে তা বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হয়। সবশেষ আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। এসআরও নম্বর পাওয়ার পর বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১১/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.