ঢাকাঃ বিএনপিসহ বিরোধী দলের ডাকা চলমান হরতাল-অবরোধের কারণে পিছিয়ে যাচ্ছে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভুয়া তথ্য ছড়িয়ে পড়ায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলছে, পরীক্ষার পিছিয়ে দেওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। তাই আপাতত পরীক্ষার পেছানোর কোনো সুযোগ নেই।
তাই গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ঘোষিত সূচি অনুযায়ী ২৭ নভেম্বর থেকেই শুরু হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির ক্যাডার পরীক্ষার শাখার একজন কর্মকর্তা জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে লিখিত পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখছি না। ইতিমধ্যে লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। তাই পরীক্ষা পেছানোর আর কোনো সুযোগ নেই।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবশ্যিক বিষয়ে লিখিত পরীক্ষা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ৬ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষায় বই, ঘড়ি, মুঠোফোন, অলংকার ও কোনো ধরনের ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। পরীক্ষার হলে যদি এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। এছাড়া ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে।
সবচেয়ে কম সময়ে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। গত ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে গত ৬ জুন প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন। তবে গত পাঁচটি বিসিএসের মধ্যে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারিতে সবচেয়ে কম প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যা ৫ শতাংশের কম।
১৯ মে অনুষ্ঠিত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৭৭ শতাংশ পরীক্ষার্থী অংশ নেন। ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
