ঢাকাঃ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থী তাঁর পছন্দ অনুযায়ী ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো তিনটি প্রতিষ্ঠান নির্বাচন করে আবেদন করতে পারবেন।
দেশটির শিক্ষামন্ত্রী ইউসুফ বিন আবদুল্লাহ আল বেনিয়ান জানান, সৌদি আরব ৩০টি পাবলিক ও ১৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিশ্বমানের উচ্চ শিক্ষা দিয়ে আসছে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও ডিপ্লোমা কোর্স পরিচালনা করে থাকে, যেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তিসহ অধ্যয়নের সুযোগ রয়েছে। তিনি কূটনীতিকদের সৌদি আরবে উচ্চশিক্ষার এ সুযোগ নেওয়ার জন্য তাঁদের স্ব-স্ব দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ জানিয়েছেন।
আগে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিদেশি শিক্ষার্থীদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে আবেদন করতে হতো। বর্তমানে এই ভর্তি প্রক্রিয়া সহজীকরণের জন্য সকল সৌদি বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রক্রিয়া Study in Saudi নামক একটি একক অনলাইন প্লাটফর্ম চালু করা হয়েছে। সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভর্তিচ্ছু শিক্ষার্থী তাঁর পছন্দ অনুযায়ী ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো তিনটি প্রতিষ্ঠান নির্বাচন করে আবেদন করতে পারবেন। আবেদনের পর মেধার ভিত্তিতে নির্দিষ্ট কোটা অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।
সৌদি আরবে বাংলাদেশ মিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। বাংলাদেশি শিক্ষার্থীরা সৌদি শিক্ষা ব্যবস্থা ও এর মান সম্পর্কে জানতে চাইলে, তাঁরা শিক্ষার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি, বাংলাদেশ থেকে শিক্ষাবৃত্তি নিয়ে আরও শিক্ষার্থীর ভর্তির সুযোগ রয়েছে ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
