এইমাত্র পাওয়া

প্রতিটি শিশুকে মীনার চোখে স্বপ্ন দেখতে হবে: গণশিক্ষা সচিব

ঢাকাঃ সব শিশুকে মীনার মতো আত্মপ্রত্যয়ী হয়ে শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।

তিনি বলেন, প্রতিটি শিশুকে মীনার চোখে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নকে সফল করার জন্য সংকল্পবদ্ধ হতে হবে। মীনা যেভাবে সব প্রতিকূলতা, অজ্ঞতা, অন্ধতা, বৈষম্য, বিভেদের বিরুদ্ধে সজাগ ও সচেতন হয়ে সাহসের সঙ্গে সব বাধা মোকাবিলা করে শিক্ষার পথে এগিয়ে যায়, তেমনি প্রতিটি শিশুকে মীনার মতো আত্মপ্রত্যয়ী হয়ে শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করতে হবে। কারণ শিক্ষাই মুক্তি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা পিটিআই মিলনায়তনে ‘মীনা দিবস’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ফরিদ আহাম্মদ বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত মানবিক মূল্যবোধ সম্পন্ন এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে সব সমস্যা সমাধানে প্রস্তুত আগামী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট।

মীনা দিবস উদযাপন উপলক্ষে মেলা, শিশুতোষ মঞ্চনাটিকা, যাদু প্রদর্শনী, পাপেট শো ও মাপেট শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৯/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.