নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা স্বাধীন দেশের জন্য শুভকর নয়। যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা আমাদের আছে তা কেরানী পয়দা করার ব্যবস্থা। কারণ তারা চেয়েছিল এখান থেকে শুধু কেরানি তৈরি করা হবে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নগরীর মদীনাতুল উলুম কামিল মাদরাসায় মাদরাসা শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় মাদরাসা শিক্ষক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সমাবেশে রাজশাহী বিভাগের ৮টি জেলার সকল মাদরাসার অধ্যক্ষ বা প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা স্বাধীন দেশের জন্য শুভকর নয়। যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা আমাদের আছে তা কেরানী পয়দা করার ব্যবস্থা। কারণ তারা চেয়েছিল এখান থেকে শুধু কেরানি তৈরি করা হবে। কোন পরিকল্পনাবিদ বা সিদ্ধান্ত গ্রহণকারী তৈরির উদ্দেশ্য তাদের ছিল না। কারণ এতে তাদের ক্ষমতা হারাবার ভয় ছিল। ঐ শিক্ষা ব্যবস্থায় শাসক যা বলবে কেরানি তাই করবে। তবে বর্তমান শিক্ষা ব্যবস্থা সেই ধারা থেকে নতুন প্রজন্মকে বের করে আনা হচ্ছে। কোয়ালিটি শিক্ষা ব্যবস্থার দিকে গুরুত্ব দেয়া হচ্ছে। আমরা চাই না একদিনে ৫০০ জায়গায় বোমা ফাটুক, চাই একদিনে ৫০০ টি মডেল মসজিদ হোক।
দীপু মনি বলেন, নতুন শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন হলে কোচিং নির্ভরতা কমবে। শিক্ষার্থীদের মুখস্ত বিদ্যার ওপর নির্ভরতা কমবে। তবে কোচিং ব্যবসায় ভাটা পড়বে এই ভয়ে অনেকে নতুন শিক্ষা ব্যবস্থার সমালোচনা করছেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, নতুন ভিসা নীতি নিয়ে বলা হচ্ছে, কেউ যদি নির্বাচনী ব্যবস্থাকে ব্যাহত করে তাহলে তাদেরকে ভিসা দেবে না। সরকার স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং সেটা করতে সরকার অঙ্গিকারবদ্ধ। আমাদের নির্বাচন কমিশনও এমনটা করতে অঙ্গিকারবদ্ধ। আমরা এরকম একটা নির্বাচন করতে এগিয়ে যাচ্ছি। যারা নির্বাচন বানচাল করার কথা ভাবছে, অরাজগতা সৃষ্টি করার কথা ভাবছে, ভয় পেলেতো তাদের পাওয়ার কথা। সরকারের ওপর চাপ কেনো?
সমাবেশে সভাপতিত্ব করেন, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
