এইমাত্র পাওয়া

বিদ্যালয়ের অফিস কক্ষে কেরোসিন ঢেলে আগুন দিলো দুর্বৃত্তরা

নরসিংদীঃ জেলার রায়পুরা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে দ্বিতীয়বার কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বিদ্যালয়ের অফিস কক্ষের দুটি আলমারিতে থাকা গুরুত্বপূর্ণ কিছু ফাইল পুড়ে ছাই হয়ে গেছে এবং কিছু খাতা চুরিও হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বিদ্যালয়ের কর্মচারী মামুন মিয়াসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বিদ্যালয়ের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। পরে তারা কাছে গিয়ে অফিস কক্ষের ভেতরে আগুন জ্বলতে দেখেন। তারা নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভেতরে গিয়ে দেখেন আগুনে বিদ্যালয়ের অফিস কক্ষে থাকা গুরুত্বপূর্ণ কিছু ফাইল পুড়ে গেছে। এ সময় কিছু খাতাও চুরি হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। পুড়ে যাওয়া কক্ষে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে।

এর আগে গত মাসে একবার অফিসে চুরি ও ২ সেপ্টেম্বর রাতে স্কুলের অফিসে আগুনের ঘটনা ঘটে। এ নিয়ে স্কুলটির অফিসে দ্বিতীয়বাবের মতো আগুন লাগার ঘটনা ঘটেছে। স্কুলটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

স্কুলের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী (দপ্তরী কাম প্রহরী) মামুন মিয়া বলেন, সন্ধ্যায় স্কুলের সবকিছু ভালোভাবে খেয়াল করে তালা লাগিয়ে বাড়িতে যাই। যাওয়ার ১০ মিনিট পরেই খবর পাই যে, স্কুলে আগুন লেগেছে। সেখানে গিয়ে দেখি বাইরে থেকে তালা লাগানো, কিন্তু ভেতরে আগুনে কিছু কাগজপত্র পুড়ে গেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা সরকার বলেন, খবর পেয়ে স্কুলে গিয়ে দেখি সবকিছু পুড়ে গেছে। অফিস কক্ষে কেরোসিনের গন্ধ পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এর আগেও স্কুলের অফিসে একবার আগুন লেগে কাগজপত্র পুড়ে গেছে, এটা থানায় জানানো হয়েছে। এ ছাড়াও গত মাসের ২৭ তারিখে অফিসে একবার চুরি হয়েছে। বারবার এমন ঘটনা ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে।

চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খন্দকার মিতুল বলেন, একই স্কুলে দুইবার আগুন ও একবার চুরির ঘটনা ঘটেছে। আগুনের ধরন দেখে মনে হচ্ছে, কেউ তালা খোলে ভেতরে প্রবেশ করে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে। আমরা প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত করে এই ঘৃণ্য কাজ যে করছে তার বিচার দাবি করছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.