এইমাত্র পাওয়া

ঢাবি: হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের ছাদ থেকে নিচে পড়ে ফিরোজ কাজী (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আধুনিক ভাষা ইনস্টিটিউটের (চাইনিজ এজ এ ফরেন ল্যাংগুয়েজ) ৪র্থ বর্ষের ছাত্র তিনি।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, রাতে তার সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে জানান।

তিনি আরও জানান, নিহতের সহপাঠীরা জানিয়েছেন— রাতে বিজয় ৭১ হলের সামনে একটি শব্দ শুনতে পান তারা। এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ফিরোজ। ওই হলের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে পারে বলে তাদের ধারণা। তবে ঘটনাটি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

মৃত ফিরোজ কাজীর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এই শিক্ষার্থী বেশ কয়েকদিন ধরে হতাশ ছিলেন এবং একাকী চুপচাপ থাকতেন বলে জানা গেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.