সিকৃবির তিন অনুষদে নতুন ডিন নিযুক্ত

সিলেটঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি অনুষদ, কৃষি অনুষদ ও কৃষি অর্থনীতি অনুষদে নতুন ডিন নিযুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক অফিস আদেশের মাধ্যমে এই দায়িত্ব প্রদান করা হয়। সোমবার (১১ সেপ্টেম্বর) নবনিযুক্ত ডিনরা তাদের দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তী দুই বছরের জন্য তারা এই দায়িত্ব পালন করবেন।

নবনিযুক্ত তিনজন ডিন হলেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সিদ্দিকুল ইসলাম, কৃষি অনুষদের কৃষিতত্ত্ব ও হাওর কৃষি বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদের কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মাসুদ আলম।

দায়িত্ব পেয়ে ভেটেরিনারি অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ডা. সিদ্দিকুল ইসলাম বলেন, আমি অত্যন্ত আনন্দিত। এটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সর্বোচ্চ পজিশন। তাছাড়া ভেটেরিনারি অনুষদ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরাতন অনুষদ এবং এই অনুষদের মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়‌। এই অনুষদের ডিন হতে পেরে আমি আনন্দিত। এছাড়াও তিনি ছাত্রদের কল্যানে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

কৃষি অর্থনীতি অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মাসুদ আলম বলেন, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করায়। আমি অনুষদের বিভিন্ন শিক্ষা অবকাঠামোকে নতুন আঙ্গিকে সাজিয়ে শিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের আরও উদ্বুদ্ধ করতে চাই। অনুষদের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ বজায় রাখতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। এজন্য আমি শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা কামনা করছি।

কৃষি অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, কৃষির উন্নয়ন সাধনের জন্য গবেষণার বিকল্প নেই। তাই আমার উদ্দেশ্য থাকবে শিক্ষকদের নিয়ে গ্রুপ গ্রুপ হয়ে কাজ করা ও শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা। আমি উপাচার্য ও কর্তৃপক্ষের সহায়তায় অনুষদের সার্বিক উন্নয়ন করার চেষ্টা করবো।

নবনিযুক্ত ডিনদের মধ্যে অধ্যাপক ডা. মো. সিদ্দিকুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে স্নাতক, স্নাকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন। ডিনের দায়িত্ব ছাড়াও তিনি সিকৃবি স্থাপনা প্রকল্পের সহকারী পরিচালক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ দপ্তরের প্রথম পরিচালকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ভেটেরিনারি অনুষদের ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

অপরদিকে অধ্যাপক ড. মাসুদ আলম যথাক্রমে ২০০৬ এবং ২০০৮ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ২০২০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ২০০৯ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি পরিসংখ্যান বিভাগে প্রভাষক হিসাবে তার পেশাগত জীবন শুরু করেন। একাধারে শিক্ষক ও গবেষক ড. মাসুদ আলমের ২০টিরও বেশি প্রবন্ধ ও ৩টি প্রতিবেদন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। অধ্যাপনার পাশাপাশি তিনি কৃষি পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট এবং সিকৃবি শিক্ষক সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ইউনিভার্সাল কলেজের প্রভাষক এবং FAO-এর একটি প্রকল্পে গবেষণা সহকারী হিসাবে কাজ করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.