পিরোজপুরঃ জেলার ভাণ্ডারিয়ায় নিখোঁজের ২১ দিনেও সন্ধান মেলেনি মো. রুপোশ খন্দকার (১৩) নামে এক স্কুলছাত্রের।
রুপোশ উপজেলার ধাওয়া ইউনিয়নের ধাওয়া গ্রামের কৃষক মিলন খন্দকারের ছেলে। সে স্থানীয় খন্দকার ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় স্কুলছাত্রের বাবা মিলন খন্দকার গত ২৩ আগস্ট ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মিলন খন্দকার জানান, গত ১৮ আগস্ট সকালে দুই ছেলে রুপোশ খন্দকার ও রূপান্তরকে বাড়িতে রেখে প্রসূতি স্ত্রীকে ভাণ্ডারিয়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করাতে যান। স্ত্রীকে ক্লিনিকে রেখে সকাল সাড়ে ১১টার দিকে জরুরি কাজে বাড়িতে ফেরেন। এ সময় তিনি তাঁর বড় ছেলেকে পাননি। পরে বিভিন্ন স্থানে সন্ধান করে না পেয়ে নিখোঁজের পাঁচ দিন পরে থানায় সাধারণ ডায়েরি করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান খান জানান, রুপোশ কীভাবে নিখোঁজ হলো- এ বিষয়ে তিনি কিছু জানেন না। রুপোশ ছাত্র হিসেবে ভালো। সে নিয়মিত বিদ্যালয়ে আসত।
রুপোশের সহপাঠী সজীব কাজী জানায়, নিখোঁজ হওয়ার দিন (শুক্রবার) বিকেলে রুপোশকে সে তাদের বাড়ির সামনে খেলতে দেখেছে। আরেক সহপাঠী নিয়াজ মাহামুদ জানায়, রুপোশ ঢাকায় গিয়ে গান শেখার ইচ্ছের কথা প্রায়ই তাদের বলত।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, নিখোঁজ ওই স্কুলছাত্রকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
