নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রতিষ্ঠার প্রায় চার দশক পর জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) আইন, ২০২৩ অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সর্বসম্মতভাবে এ অনুমোদন দেয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ এ দিনকে নেপের জন্য ঐতিহাসিক অভিহিত করে জানান, এ আইন পাশের ফলে একটি আধুনিক, যুযোপযোগী প্রশিক্ষণ একাডেমি হিসেবে নেপের বিকশিত হওয়ার দুয়ার উন্মুক্ত হবে। এ প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ কর্মকর্তা পদায়নের সুযোগ সৃষ্টি হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও কারিকুলাম উন্নয়নেও এ প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা রাখতে পারবে।
তিনি জানান, প্রাথমিক শিক্ষা বিষয়ে বিভিন্ন গবেষণা পরিচালনা, গবেষণা জার্নাল প্রকাশের পাশাপাশি নেপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মেলন ও কর্মশালার আয়োজন করতে পারবে। এ আইনের আওতায় নেপের আঞ্চলিক কার্যালয়ে স্থাপনের মাধ্যমে নেপ আরও ছড়িয়ে দেয়ার পথ উন্মুক্ত হবে।
নেপ মহাপরিচালক মো. শাহ আলম আইন পাশের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
