নটর ডেম বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. ফাদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (এনডিইউবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. ফাদার চার্লস ব্রুস গর্ডন। ইংরেজি বিভাগের এ অধ্যাপককে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলো আচার্য ও রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্য মো. শাহাবুদ্দিনের অনুমোদনক্রমে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপ-উপাচার্য বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩২ (১) অনুযায়ী অধ্যাপক ড. ফাদার চার্লস ব্রুস গর্ডনকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।

এতে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে প্রো-ভিসি হিসেবে তার মেয়াদ হবে চার বছর। বর্তমানে তিনি নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইংরেজি বিভাগে প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে তিনি নটর ডেম বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ানা ও পোর্টল্যান্ড বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। এছাড়া পোর্টল্যান্ড বিশ্ববিদ্যালয়ে কাথলিক বুদ্ধিজীবীদের জীবন ও আমেরিকান সংস্কৃতি কেন্দ্রের কো-ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৭৮ খ্রিষ্টাব্দে তিনি নটর ডেম বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ানা, আমেরিকা থেকে স্নাতক ও ১৯৮৬ খ্রিষ্টাব্দে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৯ খ্রিষ্টাব্দে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৮/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.