এইমাত্র পাওয়া

নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু: জামিন পেয়েছেন ৩ শিক্ষক

সাতক্ষীরাঃ জেলার কালীগঞ্জ উপজেলার নলতা হাইস্কুলে শিক্ষকের প্রহারে নবম শ্রেণীর ছাত্র রাজপ্রতাপ দাসের মৃত্যুর অভিযোগে গ্রেপ্তার চার শিক্ষকের মধ্যে তিনজনের জামিন মঞ্জুর হয়েছে।

গতকাল  (২০ আগস্ট) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী তাদের জামিন মঞ্জুর করেন।

সাতক্ষীরা আদালতের আইনজীবী জিয়াউর রহমান জিয়া জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের জামিন নামঞ্জুর করেন। জেলা ও দায়রা জজ আদালতে আপিল করার পর আজ গ্রেপ্তার চার জনের মধ্যে তিন জনের জামিন মঞ্জুর হলো।

জামিনপ্রাপ্ত শিক্ষকরা হলেন, প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম পাঁড়, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুহিত ও সহকারী শিক্ষক সিদ্ধার্থ রায় চৌধুরী।

১৬ জুলাই দুপুরে নলতা হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর জন্মদিনের কেক কেটে স্কুলের ছাদে টিকটক ভিডিও করার অভিযোগে নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপ দাসকে মারধর করেন সহকারী শিক্ষক অবকাশ খা। পরে বাড়িতে গিয়ে অসুস্থবোধ করায় হাসপাতালে পাঠানোর পথে মারা যায় রাজপ্রতাপ। এতে উত্তেজিত জনতা স্কুলে ভাংচুর চালায়। সন্ধ্যার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় নিহতের বাবা ৫ শিক্ষকের নামে কালীগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ পাঁচ শিক্ষকের মধ্যে চার জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.