এইমাত্র পাওয়া

নিখোঁজের ২২ঘন্টা পর শিক্ষর্থীর মরদেহ উদ্ধার

জামালপুরঃ জেলার মেলান্দহ উপজেলার রৌমারী বিলে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সৌহার্দ্য (১৬) নামের এক শিক্ষার্থী নিখোঁজের ২২ঘণ্টা পর তার মরদেহ ভেসে উঠেছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

আজ শনিবার (১৯আগষ্ট) দুপুর ২টার দিকে উপজেলার ঝাওগড়া ইউনিয়নের রৌমারী বিলে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ভেসে ওঠে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নিখোঁজ হয় সে।

নিখোঁজ সৌহার্দ্য জামালপুর পৌর শহরের বেলটিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।

নিখোঁজ সৌহার্দ্য মাদারগঞ্জ উপজেলার দিঘলকান্দি এলাকার অধ্যাপক শাহজাহানের ছেলে। তবে তারা দীর্ঘদিন ধরে জামালপুর পৌর শহরের জিগাতলা এলাকায় বসবাস করছেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে সৌহার্দ্য সবার ছোট ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ সৌহার্দ্য ও তার ৪বন্ধু মিলে মোটর সাইকেল দিয়ে রৌমারী বিলে ঘুরতে যান। এ সময় তারা বিলে গোসল করতে নামলে সৌহার্দ্য পানিতে ডুবে যান। সঙ্গে সঙ্গেই তার বন্ধুরা তাকে খুঁজতে শুরু করেন। তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয় তারা। গতকাল সন্ধ্যা ৬টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা নিখোঁজ সৌহার্দ্যকে উদ্ধারের চেষ্টা করেন। পরে দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার হয়।

নিহত শিক্ষার্থীর বন্ধু মেঘলা বলেন, ‘সকাল থেকে বিলে এসে বসে আছি, সৌহার্দ্য আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল। ভাবতেই পারছি না সৌহার্দের কিছু হয়েছে। ইচ্ছে ছিল এবার তার বার্থ ডেতে ভালো কিছু সারপ্রাইজ করব। কিন্তু সেই ভাগ্য আর হইলো না’।

নিহত শিক্ষার্থীর বড় বোন স্নিগ্ধা বলেন, ‘আমার সঙ্গেই ঘুরতে আসার কথা ছিল। আমি দুপুরে তাকে খাওয়াই দিয়েছি। পরে বিকেলে বন্ধুরা মিলে ঘুরতে আসে।’

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘বন্ধুদের সঙ্গে রৌমারী বিলে ঘুরতে এসে গোসল করার সময় এক শিক্ষার্থী নিখোঁজ হয়। দুপুরের দিকে তার মরদেহ বিলে ভেসে উঠেছে। পরে মরদেহ উদ্ধার করা হয়েছে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.