স্কুলে ঢুকে শিক্ষক কর্মচারীকে মারধর করলেন প্রধান শিক্ষকের স্ত্রী-মেয়ে

টাঙ্গাইলঃ জেলার ঘাটাইলে এম কে ডি আর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে স্কুলে ঢুকে শিক্ষক ও কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। গত ১৫ আগস্টের এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক জুলকার নাইন। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেছেন ১২ শিক্ষক-কর্মচারী।

অভিযোগপত্র থেকে জানা গেছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলীর বাড়ি বিদ্যালয়সংলগ্ন এলাকায়। শিক্ষকরা জানতে পারেন যে প্রধান শিক্ষক বিদ্যালয়ের সীমানা ঘেঁষে বাড়ির দেয়াল নির্মাণ করছেন। গত ১৫ আগস্ট সেই নির্মাণ কাজে বাধা দেন তারা। সেখানে তাদের মধ্যে সিদ্ধান্ত হয় যে নতুন প্রধান শিক্ষক নিয়োগের পর সীমানা মেপে যেনো কাজ করা হবে। এমন প্রস্তাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্ত্রী ঝর্ণা খাতুন ও মেয়ে যুথী আক্তার শিক্ষকদের গালাগাল করেন। এতে তারা অপমানিত হয়ে ঘটনাস্থল থেকে চলে আসেন। এর কিছুক্ষণ পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্ত্রী ও মেয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে রড ও কাঠের টুকরা নিয়ে শিক্ষক-কর্মচারীর ওপর হামলা করেন। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী অফিসের দাফতরিক কাজ করছিলেন।

হামলায় মারধরের শিকার হন সহকারী শিক্ষক জুলকার নাইন ও অফিস সহায়ক নজরুল ইসলাম। ভাঙচুর করা হয় অফিসের আসবাসপত্র। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেছেন বিদ্যালয়ের সব শিক্ষক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী জানান, এ ঘটনায় তিনি লজ্জিত। স্ত্রী ও মেয়েকে নিয়ে অসহায় অবস্থায় রয়েছেন তিনি।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল হোসেন বলেন, এ ঘটনাটি আমাদের বিদ্যালয়ের সুনাম ক্ষুণ করেছে। আমরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, অভিযোগটির তদন্ত চলছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.