অধস্তন আদালতের প্রায় সাড়ে ৬০০ বিচারকের পদোন্নতির প্যানেলভুক্তির সুপারিশ অনুমোদনের জন্য আজ বৃহস্পতিবার ফুলকোর্ট সভায় উঠছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সুপ্রিমকোর্টের দুই বিভাগের সব বিচারপতির উপস্থিতিতে এ সভা হবে।
যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সহকারী জজ থেকে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি প্যানেলের অনুমোদনের ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে আজকের এ সভায়। এসব বিচারক বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের তৃতীয়, চতুর্থ ও সপ্তম ব্যাচে নিয়োগপ্রাপ্ত।
সূত্র জানায়, বিচার বিভাগ পৃথকীকরণের পর ২০০৮ সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের তৃতীয় ব্যাচে সহকারী জজ হিসেবে নিয়োগ পাওয়া বর্তমানে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে কর্মরত ৩৫৬ বিচারকের এসিআর পর্যালোচনা করে তাদের অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতির প্যানেলভুক্ত করার জন্য গত ৭ অক্টোবর বাছাই করে বাছাই কমিটি।
এ ছাড়া গত ২০ অক্টোবর ২১৮ জন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা ও দায়রার জজ পদে পদোন্নতির প্যানেলভুক্ত করার বাছাইয়ের কাজ শেষ করে বাছাই কমিটি। তারা ২০১০ সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চতুর্থ ব্যাচে সহকারী জজ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এ ছাড়া একই দিনে ৭৮ সহকারী জজকে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতির প্যানেলভুক্ত করার বাছাইয়ের কাজ শেষ করে বাছাই কমিটি। তারা ২০১৪ সালে সার্ভিস কমিশনের ৭ম ব্যাচে নিয়োগ পান।
এর আগে গত এপ্রিল ও মে মাসে আইন মন্ত্রণালয় থেকে এসব বিচারককে পদোন্নতির প্যানেলভুক্ত করতে প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাব যাচাই-বাছাই করে চলতি মাসে বাছাইয়ের কাজ শেষ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বাছাই কমিটি। এখন ফুলকোর্টে অনুমোদনের পালা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
