তৈলটুপি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার বহিষ্কার

ঝিনাইদহঃ জেলার হরিনাকুন্ডুতে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে যৌন কেলেঙ্কারির দায়ে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। ওই শিক্ষকের নাম দেলোয়ার হোসেন। তিনি উপজেলার তৈলটুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. বারী শিক্ষক দেলোয়ার হোসেনের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সম্প্রতি ঝিনাইদহের শৈলকুপার এক ব্যবসায়ীর স্ত্রীর সাথে ওই শিক্ষকের অন্তরঙ্গ মুহূর্তের অন্তত পাঁচটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ওই বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও শহরের সচেতন মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

আপত্তিকর ছবি প্রকাশের পর একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, ওই শিক্ষকের বিচার না হওয়া পর্যন্ত আমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাবো না। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই শিক্ষকের ক্লাশ বর্জন করে।

ওই শিক্ষকের আপত্তিকর ছবি ভাইরাল হলে মাধ্যমিক শিক্ষা অফিসের গোচরে আসে। উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী তৎক্ষণাৎ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে ডেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেন। এরই প্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাকে বহিষ্কার করেন। তার এই বরখাস্তের খবরে হরিণাকুন্ডুর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকসহ সুশীল সমাজের মধ্যে স্বস্তি ফিরেছে।

এদিকে, তাকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে আগামী রোববার দুপুরে মানববন্ধনের ডাক দিয়েছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

তৈলটুপি মাধ্যমিক বিদ্যালয়ের দু’জন সিনিয়র শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোনো শিক্ষক এমনটা করতে পারে তা আমরা কখনও কল্পনাও করতে পারিনি। কোথাও মুখ দেখাতে পারছিলাম না। তার শাস্তিটা প্রাপ্য ছিল।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক দেলোয়ার হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.