শেরপুরে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়াঃ জেলার শেরপুরে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম অনিকা সরকার বিন্দু (১৮)। আজ বুধবার (৯ আগস্ট) দুপুরের দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বৃন্দাবনপাড়াস্থ বসতবাড়ির নিজ শয়নকক্ষ থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

নিহত অনিকা সরকার ওই গ্রামের অতুল চন্দ্র সরকারের মেয়ে এবং শহরের শেরপুর শেরউড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাতের খাবার খেয়ে লেখাপড়া ও ঘুমানোর জন্য নিজ ঘরে যায় অনিকা।

কিন্তু পরদিন বুধবার (৯ আগস্ট) সকালে পরিবারের সদস্য বাবা-মা ঘুম থেকে জেগে উঠে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েন। একপর্যায়ে সকাল সাড়ে ৮টা পর্যন্ত অনিকা সরকার ঘুম থেকে জেগে না ওঠায় তার মায়ের মনে সন্দেহ তিনি শয়নকক্ষের দরজার সামনে গিয়ে ডাকাডাকি করেন।

কিন্তু তার কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। পরে ঘরের অন্য দরজা খুলে অনিকাকে সেলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এসময় প্রতিবেশীরা এসে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সেইসঙ্গে ঘটনাস্থল থেকে নিহতের কয়েকটি ডায়েরি ও চিরকুট লেখা কাগজ উদ্ধার করা হয়। চিরকুট সম্পর্কে জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম বলেন, নিহতের হাতের লেখা চিরকুটে লেখা আছে, ‘বাবা-মা তোমরা ভালো থেকো, আর কোনদিন বিরক্ত করব না।’ এছাড়াও আরও কিছু লেখা আছে যা তদন্তের স্বার্থে বলা সম্ভব হচ্ছে না।

মৃত্যুর রহস্য উদঘাটন করে পরবর্তীতে সে বিষয়ে জানানো হবে। এদিকে ঘটনার খবর পেয়েই জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিনসহ পুলিশের একাধিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্র্শক (তদন্ত) আজমগীর হোসেন বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল মৃত্যুর আসল কারণ জানা ও বলা সম্ভব হবে।

এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের করা হবে। অপর এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে কয়েকটি ডায়েরি ও চিরকুট উদ্ধার করা হয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যেই এই মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.