চাঁদপুরঃ জেলার কচুয়ার চাঙ্গিনী-নূরপুর উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন থেকে শিক্ষক সংকটসহ বিভিন্ন সমস্যা বিরাজ করছে। বর্তমানে শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়টি সুনাম-সুখ্যাতি ধরে রাখতে চরম হিমশিম খাচ্ছে। ২০০৫ সালে স্থাপিত হওয়ার পর ২০০৬ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। শুরু থেকে এই বিদ্যালয় এসএসসি ও জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনসহ সুনামের সঙ্গে পরিচালনা হয়ে আসছে। স্টাফ প্যাটার্ন অনুসারে এ বিদ্যালয়ে শিক্ষক, কর্মচারী সংখ্যা ১৯। এরমধ্যে শিক্ষকের পদ সংখ্যা রয়েছে ১৩ জন। কিন্তু ৫ জন শিক্ষক রয়েছে মাত্র।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৯ সাল থেকে ধর্মীয় সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গণিত, সমাজ, ভৌত বিজ্ঞান ও কৃষি বিষয়ে ১ জন করে শিক্ষক থাকলেও বাংলা, ইংরেজি, তথ্য, শারীরিক শিক্ষা ও ব্যবসায় শিক্ষায় নেই কোনো শিক্ষক। ৩ জন খণ্ডকালীন শিক্ষক দ্বারা এসব বিষয়ে পাঠদান করা হচ্ছে।
এতে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা অর্জন করতে পারছে না। শিক্ষক সংকটের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় অভিভাবকরা খুবই উদ্বিগ্ন। অবকাঠামোগত দিক থেকে বিদ্যালয়ে রয়েছে তিন কক্ষবিশিষ্ট একটি ভবন ও এল আকৃতির সাত কক্ষবিশিষ্ট টিনের ঘর। টিনের ঘরটির জরাজীর্ণ অবস্থা।
টিনে মরিচা ধরে ফুটো হয়ে যাওয়ায় একটু খানি বৃষ্টি হলেই পানি পড়ে। এতে শ্রেণি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, গ্রুপভিত্তিক শ্রেণিকক্ষসহ ১০টি শ্রেণিকক্ষের প্রয়োজন। তাছাড়া প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অফিস কক্ষ, লাইব্রেরি কক্ষ, কম্পিউটার ল্যাব কক্ষ, মিলনায়তন এসব মিলিয়ে মোট ১৫টি কক্ষের প্রয়োজন। সেক্ষেত্রে জরাজীর্ণ টিনের ঘরের ৭টি কক্ষসহ কক্ষ সংখ্যা হচ্ছে ১০টি মাত্র। এ অবস্থায় নতুন একাডেমিক ভবন একান্ত প্রয়োজন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট এমএ ইউসুফ জানান, শিক্ষক নিয়োগের জন্য দফায় দফায় এনটিআরসি’র নিকট শূন্যপদের তালিকা প্রেরণ করা সত্ত্বেও কোনো শিক্ষক পাচ্ছি না। তাছাড়া নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়ে আসছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান জানান, এ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে স্থানীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরের দৃষ্টি আকর্ষণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
