চট্টগ্রামঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘পৃথিবীকে পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হচ্ছে শিক্ষা। শিক্ষার মাধ্যমে আমরা উন্নতি ও অগ্রগতির উচ্চ সোপানে পৌঁছাতে পারি। নিজেদের সমস্যার সমাধান করতে পারি। কাজেই মেয়েরা ঘরে বসে থাকতে পারে না। আধুনিক বিশ্বের নতুন নতুন জ্ঞান তাদের অর্জন করতে হবে।’
বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর এমএম আলী রোডের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (অ্যাইউডব্লিউ) গ্রীষ্মকালীন স্কুলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ড. শিরীন শারমিন সনদপ্রাপ্ত নবীন নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘মেয়েরা আজ কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। মনে সাহস রাখ, প্রশ্ন করে নিজের প্রতিভা বিকশিত করো এবং সামনে এগিয়ে যাও। আগামীর পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। জয় তোমার হবেই। প্রতিযোগিতায় নিজেকে শামিল করে, নিজের সুপ্ত প্রতিভা বিকশিত করে অবস্থান তৈরি করতে হবে। সমাজ থেকে লিঙ্গবৈষম্য দূর ও সর্বত্র সমতা প্রতিষ্ঠায় নিজেদেরকেও শামিল করতে হবে। বড় স্বপ্ন দেখতে হবে এবং সে স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে উন্নতি ও অগ্রগতির উচ্চশিখরে নিয়ে গেছে। শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে নারী শিক্ষায় সরকার অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বর্তমানে নারী শিক্ষার হার অনেক বেশি। এ হার ক্রমান্বয়ে বাড়ছে। এক্ষেত্রে তিনি বিনামূল্যে বই বিতরণ, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান, মেয়েদের মোবাইল ট্যাব বিতরণসহ শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরেন।’
স্পিকার বলেন, ‘বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল। মেয়েদেরকে এ প্রাপ্তি ধরে রাখতে খাটতে হবে। এ সামার ক্যাম্প থেকে অর্জিত শিক্ষা নিজ নিজ সেক্টরে কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনে নিজের অংশগ্রহণ জোরদার করতে হবে।’
বিশ্ববিদ্যালয়টি ভাইস চ্যান্সেলর ড. রুবানা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, শেভরন বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক মুহাম্মদ ইমরুল কবির ও মানাল মোহাম্মদ, ডিন অব ফ্যাকাল্টি ও একাডেমিক অ্যাফেয়ার্স ড. বীণা খুরানা, সুসানা উইলিয়ামস, কোর্স সমাপনকারী শিক্ষার্থী নিতু আক্তার প্রমুখ।
পরে স্পিকার কোর্স সম্পন্নকারী ৫২ জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করেন। ২০১৯ সাল থেকে নারীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে এবং তাদের একাডেমিক দক্ষতা বিকশিত করতে শেভরন ও এইউডব্লিউ যৌথভাবে এ প্রোগ্রামটি পরিচালনা করছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

