এইমাত্র পাওয়া

দুর্নীতির পক্ষে উপাচার্যের বক্তব্য প্রকাশ করে বহিষ্কার সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দুর্নীতির পক্ষে উপাচার্যের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রুদ্র ইকবালকে বহিষ্কারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) ডুজা সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, সোমবার (৩১ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন দুর্নীতি নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। পরে তার বক্তব্য উদ্ধৃত করে দৈনিক যায়যায়দিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

এতে বলা হয়, এরপর বুধবা (২ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে দেখা যায়, উপাচার্যের বক্তব্যকে ‘বিকৃত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক মিথ্যা তথ্য প্রচারে’র অভিযোগের সাংবাদিক রুদ্র ইকবালকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, রুদ্র ইকবাল অভিযোগ করেছেন, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এমন শাস্তি দেওয়া হয়েছে।

ডুজা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মনে করে, সংবাদ প্রকাশের ক্ষেত্রে ওই নবীন সংবাদকর্মী কোনো ভুল করে থাকলে তা প্রতিকারের জন্য যথোপযুক্ত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা বাঞ্ছনীয় ছিল। সংক্ষুব্ধ পক্ষ বাংলাদেশ প্রেস কাউন্সিলে অভিযোগ জানাতে পারতেন। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন তা না করে ওই সংবাদকর্মীর পেশা জীবনে সংঘটিত ঘটনার প্রতিক্রিয়া তার শিক্ষাজীবনের ওপর দেখিয়েছে, যা কোন বিচারেই যুক্তিযুক্ত নয়।

ডুজা নেতৃবৃন্দ বলেন, এ ঘটনায় সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিককে প্রশাসনিক শাস্তির মুখোমুখি করার নিকৃষ্ট নজির স্থাপিত হলো, যা দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকে এমন পন্থা অনুসরণে প্রলুব্ধ করতে পারে। ফলে সারা দেশের ক্যাম্পাস সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতা চর্চা ব্যাহত হতে পারে। সার্বিকভাবে দেশের সাংবাদিকতা যখন সংকটাপন্ন, তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে এ ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করতে পারত।

বিবৃতিতে ওই সংবাদকর্মীর ছাত্রত্ব ফিরিয়ে দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। সাংবাদিকদের জন্য প্রচলিত আইন ও রীতি অনুসরণ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৮/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.