কম্পিউটার প্রশিক্ষণ নিতে কোরিয়া যাচ্ছেন মাউশির ৩ কর্মকর্তা ও ১৭ শিক্ষক

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ কম্পিউটার প্রশিক্ষণ নিতে ১১ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন ২০ জন শিক্ষক-কর্মকর্তা। তাদের মধ্যে তিনজন কর্মকর্তা এবং ১৭ জন শিক্ষক। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তারা এ প্রশিক্ষণ নেবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব (সচিবের একান্ত সহকারী) মো. জাকির হোসেনের নেতৃত্বে শিক্ষক-কর্মকর্তাদের এ দলটি দক্ষিণ কোরিয়ায় যাবেন। এ দলে অন্য দুজন কর্মকর্তা হলেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) ড. নেহার পারভীন ও সহকারী পরিচালক (কলেজ-৩) তপন কুমার দাস।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা বরাবর দেওয়া একটি চিঠিতে এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশিক্ষণ শাখার উপসচিব মুহাম্মদ দেলোয়ার হোসেন। গত ৩০ জুলাই এ চিঠি দেওয়া হয়। এতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

তবে এ সফরের খরচ বাংলাদেশ সরকার বহন করবে না। আয়োজকরা ২০ শিক্ষক-কর্মকর্তার যাতায়াত, থাকা-খাওয়াসহ সব খরচ বহন করবেন। তবে সফরকালীন ১১ দিনই তাদের কর্মদিবস হিসেবে বিবেচিত হবে।

প্রশিক্ষণ শেষে শিক্ষক-কর্মকর্তাদের এ দলটি সফরে কী শিখলেন, তার একটি বিস্তারিত প্রতিবেদন ১৫ দিনের মধ্যে জমা দেবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৮/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.